ওয়ার্ড কাউন্সিলরের হাতে চিনিকলের এমডি লাঞ্ছিত
শিক্ষার্থী ভর্তির তদবিরকে কেন্দ্র করে গত মঙ্গলবার রাতে ঠাকুরগাঁও চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এনায়েত হোসেনকে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এমডি এনায়েত হোসেন গত বুধবার ওই ওয়ার্ডের কাউন্সিলর মো. একরামুদৌলা ওরফে সাহেবের বিরুদ্ধে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এমডি এনায়েত বলেন, কিছুদিন আগে চিনিকল পরিচালিত বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হয়। ওয়ার্ড কাউন্সিলর একরামুদৌলা তাঁর ভাগনিকে চতুর্থ শ্রেণিতে ভর্তি করার জন্য তাঁর কাছে তদবির করেন। চতুর্থ শ্রেণিতে ভর্তির সুযোগ না থাকায় তিনি বিষয়টি এড়িয়ে যান। এতে একরামুদৌলা ক্ষুব্ধ হন। পরে একরামুদৌলা বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে কয়েক দফা মুঠোফোনে যোগাযোগও করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটিও হয়। গত মঙ্গলবার রাতে তিনি ঠাকুরগাঁও রোড এলাকার একটি দোকানে কেনাকাটা করতে আসেন। এ সময় একরামুদৌলা কয়েকজন যুবককে পাঠিয়ে তাঁকে কাউন্সিলরের ব্যক্তিগত কার্যালয়ে যেতে বলেন। তিনি সেখানে যেতে রাজি না হলে যুবকেরা তাঁকে টানাহেঁচড়া শুরু করেন। একপর্যায়ে একরামুদৌলা সেখানে তাঁর (এমডি) শার্টের কলার ধরেন। টানাহেঁচড়ার একপর্যায়ে তিনি কাউন্সিলরের কার্যালয়ে যেতে বাধ্য হন। সেখানে আধ ঘণ্টা খানেক আটকে রেখে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
এমডি এনায়েত আরও বলেন, ওই ঘটনার পর তিনি এ বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন। জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস তাঁকে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেন। জেলা প্রশাসকের পরামর্শে গত বুধবার তিনি একরামুদৌলার বিরুদ্ধে থানায় একটি জিডি করেন।
এ বিষয়ে একরামুদৌলা বলেন, ‘এমডিকে লাঞ্ছিত করা হয়েছে বলে যে কথা ছড়ানো হয়েছে, তা ঠিক নয়। তাঁর সঙ্গে আমার চেম্বারে বসে এক কাপ চা খেতে খেতে কিছু কথা বলার জন্য লোক পাঠিয়ে তাঁকে (এমডি) ডেকেছিলাম। এ বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করা উচিত হয়নি।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহম্মেদ বলেন, ‘চিনিকলের এমডির কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি কঠোরভাবে দেখা হবে।’ জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস বলেন, ‘অভিযোগ পেয়ে কাউন্সিলরকে আমার কার্যালয়ে ডেকে আনা হয়। তিনি সে সময় ঘটনার জন্য ভুল স্বীকার করে চিনিকলের এমডির কাছে ক্ষমা চেয়ে নিতে চেয়েছেন।’