ওয়ার্ডবয় সুমন রিমান্ডে তদন্ত কমিটিকে সময় দেওয়া হলো ১০ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অপচিকিৎসায়’ বিপ্লব মণ্ডল নামের এক যুবকের মৃত্যুর এক দিন পরও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বুঝতে পারছে না হাসপাতালের ব্যবস্থাপনায় কোনো ত্রুটি ছিল কি না। গতকাল শনিবার হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, তদন্ত ছাড়া এ বিষয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও উপপরিচালক খাজা আবদুল গফুর প্রথম আলোকে বলেন, ‘আপাতদৃষ্টে বিষয়টি দুঃখজনক। তবে ব্যবস্থাপনার কোনো ত্রুটি আছে কি না, সেটা তদন্ত না করে বলা যাবে না। রোগীর ময়নাতদন্ত হয়েছে। তিন সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে।’

সূত্রগুলো বলছে, কমিটিকে প্রতিবেদন জমা দিতে ১০ দিনের সময় দেওয়া হয়েছে। প্রতিবেদন জমা দিতে এত লম্বা সময় বেঁধে দেওয়ার কারণ কী, জানতে চাইলে হাসপাতালের মুখপাত্র কোনো সদুত্তর দিতে পারেননি।

শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক সেজে সুমন মিয়া নামের এক যুবক বিপ্লব মণ্ডলকে (২৬) চিকিৎসা দেন বলে অভিযোগ ওঠে। বিপ্লবের ভাই মিন্টু মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘হঠাৎ করে ভাইয়ের শরীর খারাপ লাগছিল। তখন ডাক্তার একটা ইনজেকশন আনার জন্য স্লিপ লিখে দেন। আমরা ইনজেকশনটা আনার পর একজন ওই ইনজেকশন আমার ভাইয়ের নাকে চেপে ধরে। দু–তিন মিনিট পর খিঁচুনি হয়ে ভাই মারা যান।’

ওই ঘটনায় গতকাল বিকেল পর্যন্ত কোনো মামলা হয়নি। শাহবাগ থানা-পুলিশ ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সুমন মিয়াকে আটক করেন। গতকাল শনিবার আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে বিপ্লব মণ্ডল গত রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে অসিত চন্দ্র সরকারের অধীনে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল। বিপ্লবের কী হয়েছিল—এমন প্রশ্নে অসিত চন্দ্র বলেন, ‘আজ (শনিবার) রোগীকে ছুটি দিয়ে দেওয়ার কথা ছিল। শুক্রবার দুপুরের দিকে রোগীর শ্বাসকষ্ট হচ্ছে দেখে ডাক্তাররা একটা সালবিউটামল ইনহেলার লিখে দেন। ওটা দেখতে ইনজেকশনের মতো এবং অক্সিজেন মাস্কের ভেতর দিয়ে প্রবেশ করানো হয়। কাজটা চিকিৎসক বা প্রশিক্ষণপ্রাপ্ত সিস্টারের দেওয়ার কথা। দিয়ে ফেলেছে আরেকজন।’

এই আরেকজনটা কে জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, সুমন তাদের কেউ হন না। তবে ওয়াকিবহাল সূত্রগুলো বলছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগপত্র ছাড়া এমন অসংখ্য ওয়ার্ডবয় আছেন। তাঁরা চিকিৎসকদের পরামর্শমতো রোগীদের প্রায়ই এমন ‘চিকিৎসা’ দিয়ে থাকেন। শুক্রবার বিপ্লবের মৃত্যুর পর সুমন সাংবাদিকদের বলেন, তিনি চার-পাঁচ মাস ধরে ঢাকা মেডিকেলের ২০০ নম্বর ওয়ার্ডে ওয়ার্ডবয় হিসেবে চাকরি করছেন। এক ওয়ার্ডমাস্টারের মাধ্যমে তিনি চাকরি পেয়েছেন।