ওয়াসার এমডিসহ দুজনকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্টনের কালভার্ট রোডে ঢাকা ওয়াসার খোলা ম্যানহোলে পড়ে এক ব্যক্তি মারা যাওয়ার ঘটনায় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) তলব করেছেন হাইকোর্ট। ওই ঘটনার বিষয়ে ব্যাখ্যাসহ অবস্থান জানাতে ১৯ মার্চ তাঁদের সশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে। 

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেন। ‘পল্টনে খোলা ম্যানহোলে পড়ে এক ব্যক্তির মৃত্যু’ শিরোনামে গতকাল প্রথম আলোতে প্রতিবেদন ছাপা হয়। এতে বলা হয়, রাজধানীর পল্টনের কালভার্ট রোডে ঢাকা ওয়াসার খোলা ম্যানহোলে পড়ে এক ব্যক্তি মারা গেছেন। তাঁর নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৪৫ বছর। গত সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

রুলে বিবাদীদের কর্তব্যে অবহেলার কারণে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় কেন তাঁদের দায়ী করা হবে না, তাঁদের বিরুদ্ধে কেন ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং মৃত ব্যক্তির পরিবারকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্থানীয় সরকার সচিব, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী (ড্রেনেজ বিভাগ), প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও পল্টন থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।