ওয়াসার পানিতে গন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গ্রিন রোড, মানিকনগর, গোপীবাগ, অভয়দাস লেন, নয়াপল্টন, পুরানা পল্টন, ফ্রি-স্কুল স্ট্রিটসহ কিছু এলাকায় ঢাকা ওয়াসার সরবরাহ করা পানিতে অতিরিক্ত ওষুধ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বাসিন্দারা। এতে গোসল করতে গিয়ে বাচ্চাদের চোখ জ্বলছে। অ্যাকুয়ারিয়ামের মাছ মরে যাচ্ছে।
কিছু এলাকার পানিতে দুর্গন্ধ রয়েছে বলে অভিযোগ করেছেন গ্রাহকেরা। গতকাল বুধবার এসব এলাকায় গিয়ে এ তথ্য পাওয়া যায়। গ্রিন রোডের বাসিন্দা নাজলী নাহিদ বলেন, কয়েক দিন ধরে পানিতে ওষুধের (ক্লোরিন) অতিরিক্ত গন্ধ। বাচ্চারা স্কুল থেকে ফিরে গোসল করতে গিয়ে সমস্যায় পড়ে। তাদের খুব চোখ জ্বালা করে। তিনি বলেন, তাঁদের বাসার ওপরতলায় বাসিন্দাদের অ্যাকুয়ারিয়ামে এই পানি ব্যবহার করায় মাছ মরে যাচ্ছে।
এদিকে নয়াপল্টন এলাকার এক বাসিন্দা অভিযোগ করেন, কল খুললে ফেনাযুক্ত দুর্গন্ধময় পানি আসছে। ওয়াসাকে জানানোর পর তারা বলেছে, পানি বিশুদ্ধ করার জন্য যে ওষুধ (ক্লোরিন) দেওয়া হয়, এটা তার গন্ধ।
শীত মৌসুম এখনো না কাটায় রাজধানীতে পানির চাহিদা কম, সংকটও কম। রাজধানীর অনেক স্থানেই পানির সরবরাহ স্বাভাবিক। কিন্তু ময়লা আর দুর্গন্ধ থাকায় কিছু এলাকার বাসিন্দারা স্বস্তি পাচ্ছেন না। নগরীর গোপীবাগ ও অভয় দাস লেন এলাকায় পানিতে গন্ধের জন্য বাসিন্দারা গভীর নলকূপ থেকে পানি সংগ্রহ করেন। অভয় দাস লেনের বাসিন্দা রুহুল আমিন বলেন, পানির গন্ধের জন্য বালুর মাঠে ওয়াসার পাম্পের ওপর নির্ভর করতে হয়। কিন্তু সম্প্রতি কারিগরি কারণে ওই পাম্প বন্ধ ছিল। পরে বোতলের পানি কিনতে হয়েছে।
আর কে মিশন রোডের পেয়াদাপাড়ার কয়েকজন ভাড়াটে বলেন, ওয়াসার পানি সরাসরি চোখে পড়লে জ্বালা করে। মুখ ধুতে গিয়ে পানি ভেতরে ঢুকে গেলে মনে হয় বিষাক্ত কোনো গ্যাস। তাঁদের অভিযোগ, পানি ব্যবহার না করলেও বাড়িওয়ালা প্রতি মাসে আট শ থেকে এক হাজার টাকা পানির বিল করেন হাতে লিখে। ওয়াসার বিল দেওয়া হয় না। পানি পান বা ব্যবহার না করেও তাঁদের বিল গুনতে হয়।
ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এ ডি এম কামরুল আলম চৌধুরী বলেন, শুকনা মৌসুমে শীতলক্ষ্যা নদীর পানি দূষিত থাকে। সায়েদাবাদ শোধনাগারের পানির উৎস শীতলক্ষ্যা নদী। অনেক সময় শোধনযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করতে পারে না। সে কারণে যেসব এলাকায় ওই শোধনাগারের পানি সরবরাহ করা হয়, তা গন্ধময় হতে পারে। পানি বিশুদ্ধ করার জন্য ‘ক্লোরিন’ দিতে হয়।
উপব্যবস্থাপনা পরিচালক বলেন, তবে বর্তমানে ক্লোরিন খুব বেশি দিতে হচ্ছে না। আর ওয়াসার পানি অ্যাকুয়ারিয়ামে ব্যবহার করা উচিত নয়। তিনি বলেন, কোথাও পানিতে দুর্গন্ধ থাকলে এবং ওয়াসার কাছে সুনির্দিষ্টভাবে অভিযোগ করা হলে ব্যবস্থা নেওয়া হবে।