ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের কাজে স্থানীয়দের বাধা
পয়োনিষ্কাশন (স্যুয়ারেজ) প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জায়গায় সীমানাপ্রাচীর দিতে গিয়ে গতকাল বৃহস্পতিবার স্থানীয় লোকজনের বাধার মুখে পড়েছে চট্টগ্রাম ওয়াসা। এতে করে তাদের কাজ না করেই ফিরে যেতে হয়েছে।
স্থানীয় অধিবাসীদের দাবি, এই জায়গার বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। বিচারাধীন থাকায় ও তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই জায়গায় কোনো স্থাপনা তৈরি করতে পারবে না ওয়াসা।
গতকাল নগরের মধ্যম হালিশহরের চৌচালা এলাকায় ওয়াসার অধিগ্রহণ করা ওই জায়গায় সীমানাপ্রাচীরের কাজ করতে
গিয়ে উত্তেজনা তৈরি হলেও শেষ পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।
ওয়াসা সূত্র জানায়, নগরের পয়োনিষ্কাশন ব্যবস্থা তৈরির জন্য ১৯৬৩ সালে চৌচালা এলাকায় ১৬৩ একর জমি অধিগ্রহণ করে চট্টগ্রাম ওয়াসা। কিন্তু কোনো দাতা সংস্থা এগিয়ে না আসায় পাঁচ দশকে প্রকল্পটি বাস্তবায়ন করা যায়নি। সম্প্রতি জাপানি দাতা সংস্থা জাইকা প্রকল্পটি করার বিষয়ে আগ্রহ দেখিয়েছে। এরপর ওয়াসা সেখানে সীমানাপ্রাচীর নির্মাণ করার সিদ্ধান্ত নেয়।
সূত্রটি জানায়, প্রায় ১৫ বছর আগে স্থানীয় কয়েকজন ব্যক্তি হাইকোর্টে রিট করেন। সেই জায়গাটি নিয়ে বিরোধ শুরু হয়। ২০১৪ সালে হাইকোর্ট তাঁর রায়ে জেলা প্রশাসক কার্যালয়ের কাছে জানতে চান, এত দিনে প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় অধিগ্রহণের জায়গা ফেরত দেওয়া যায় কি না। পরে ওয়াসা এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে। বিষয়টি বিচারাধীন।
এ বিষয়ে ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘১৯ একর জায়গার অধিগ্রহণ নিয়ে কয়েকজন ব্যক্তি রিট করেছেন। হাইকোর্ট তাঁর রায়ের কোথাও ওয়াসাকে কাজ বন্ধ করতে বলেননি। সে কারণে আমরা সীমানাপ্রাচীর দিতে যাই। কিন্তু স্থানীয় লোকজন বাধা দিয়েছে। তাদের বলেছি, কাগজপত্র নিয়ে রোববার ওয়াসা কার্যালয়ে আসতে। তখন বিষয়টির ফয়সালা করা হবে।’
ওয়াসার অধিগ্রহণ করা জায়গা ফেরত পেতে সমিতি করেছেন স্থানীয় ব্যক্তিরা। এটির নাম ‘বাস্তবায়িত না হওয়া প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত ভূমি পুনরুদ্ধার বহুমুখী সমবায় সমিতি’।
ওই সমিতির সভাপতি সৈয়দ মো. এনামুল হক মুনিরী বলেন, ‘গেজেট নোটিফিকেশন না করায় জায়গাটি আইনসিদ্ধভাবে অধিগ্রহণ করতে পারেনি ওয়াসা। এটিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়ে আমরা জিতেছি। ওয়াসা এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে। বিষয়টি মীমাংসা না হওয়া পর্যন্ত এখানে ওয়াসা কোনো কিছু তৈরি করতে পারবে না।’
গতকালের ঘটনার বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব কুমার চৌধুরী প্রথম আলোকে বলেন, সাময়িক উত্তেজনা তৈরি হলেও শেষ পর্যন্ত সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।