ওয়াসায় দুদকের অভিযান, ৬ পরিদর্শককে অব্যাহতি

দুর্নীতির অভিযোগ পেয়ে রাজধানীর মিরপুরে ওয়াসার একটি অঞ্চলে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) । অভিযান চলাকালে দুদকের সুপারিশের পরিপ্রেক্ষিতে ওয়াসার ছয়জন পরিদর্শককে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
আজ রোববার এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য। তিনি জানান, মিরপুরে ওয়াসার মডস জোন-১০ কার্যালয়ে বিল কারচুপি, অবৈধ অর্থের বিনিময়ে ইচ্ছেমতো বিল প্রস্তুত ও গ্রাহক হয়রানির অভিযোগ আমলে নিয়ে অভিযানটি পরিচালিত হয়। দুদকের হটলাইনে (১০৬) পাওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে সহকারী পরিচালক মো. সালাহউদ্দিনের নেতৃত্বে উপসহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও দুদকের পুলিশ ইউনিটের সদস্যরা অভিযানে অংশ নেন।
অভিযানকালে ওয়াসার ৬ জন পরিদর্শককে তাৎক্ষণিকভাবে রাজস্ব পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তাঁরা হলেন: এমদাদুল হক, আশরাফুল হাসান, মাহমুদুল হাসান, বদরুজ্জামান (বাদল), আবু তালেব ও আবু তালহা। সহকারীর মাধ্যমে অবৈধভাবে কাজ করা, মিটার না দেখেই বিল তৈরি, হোল্ডিং না চেনা এবং প্রকৃত রিডিং সংগ্রহ না করে বিল জারি করার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
অভিযোগ-সংশ্লিষ্ট গ্রাহকদের সঙ্গে কথা বলে দুদকের দলটি জানতে পারে, অব্যাহতি পাওয়া পরিদর্শকেরা নিজেরাই মাস্টাররোলে (চুক্তিভিত্তিক) কাজ করেন। তারপরও তাঁরা প্রত্যেকেই ব্যক্তিগত চুক্তিতে সহকারী নিয়োগ করেছেন। এসব সহকারীর মাধ্যমে ওয়াসার অসাধু কর্মকর্তারা ঘুষ গ্রহণ ও গ্রাহকের বিল কারচুপি করেন।
অবিলম্বে এসব অনিয়ম দূরীকরণে ওয়াসা কর্তৃপক্ষকে তাগিদ দেয় দুদকের দলটি।
অভিযান প্রসঙ্গে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমুদ ওয়াসার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, 'দুর্নীতি প্রতিরোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই।'