কংস নদে নিখোঁজ যুবকের লাশ
নেত্রকোনার বারহাট্টা উপজেলার কান্দাপাড়া সেতুর নিচে কংশ নদ থেকে আজ মঙ্গলবার দুপুরে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের নাম মো. এনামুল হক (২৫)। তিনি একই উপজেলার স্বল্প দশাল গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, এনামুল হক গত শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে স্থানীয় বারহাট্টা বাজারের উদ্দেশে বের হয়। এরপর থেকে তাঁর আর সন্ধান মেলেনি। আজ দুপুর ১২টার দিকে স্থানীয় লোকজন কান্দাপাড়া সেতুর নিচে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় এনামুলের বড় ভাই আব্দুস সাত্তার খবর পেয়ে ওই স্থানে এসে লাশটি শনাক্ত করেন।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ্ উদ্দিন আহমেদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।