অবরোধের ষষ্ঠ দিনে গতকাল রোববার চট্টগ্রাম শহরের জিইসি, অলংকার মোড়সহ বিভিন্ন এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটেছে। রাতে চারটি বাস ভাঙচুর ও একটিতে আগুন দেওয়া হয়েছে বাসে। পেট্রলবোমা হামলা হয়েছে টেম্পোতে।
নাশকতার কয়েকটি ঘটনা ছাড়া জনজীবন স্বাভাবিক ছিল। খোলা ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। তবে দূরপাল্লার গাড়ি গতকালও সীমিতভাবে চলাচল করেছে।
রাত সোয়া আটটায় নগরের বাকলিয়া কালামিয়া বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেন অবরোধ সমর্থনকারীরা। এতে কোনো হতাহত হয়নি।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, অবরোধকারীরা কালামিয়া বাজার এলাকায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেন। বাসে যাত্রী কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাসে আগুন দিয়ে পালানোর সময় স্থানীয় লোকজনের সহায়তার নুরুল আজম নামের এক যুবককে আটক করা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সন্ধ্যায় বহদ্দারহাটে পিকেটারের ছোড়া পেট্রলবোমায় দুটি যাত্রীবাহী টেম্পোতে আগুন ধরে যায়।
পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. শরীফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পেট্রলবোমা ছোড়ার কারণে দুটি টেম্পোতে আগুন ধরে যায়। এতে কেউ হতাহত হয়নি। দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সকালে চান্দগাঁও এলাকায় একটি মাইক্রোবাস ভাঙচুরের সময় পুলিশ দুই পিকেটারকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন সাজ্জাদ ও মানিক। দুজনই ছাত্রদলের কর্মী বলে জানা গেছে।
বিশেষ শাখা পুলিশের সহকারী কমিশনার কাজী নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, চান্দগাঁও এলাকায় একের পর এক ঘটনা ঘটছিল। ওই এলাকায় সন্ত্রাস ও নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। গাড়ি ভাঙচুরের সময় পুলিশ দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে।
চট্টগ্রাম জেলা পুলিশ গত শনিবার রাত থেকে গতকাল রোববার ভোর পর্যন্ত বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে জামায়াত-শিবির ও বিএনপির ২৭ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের সবার বিরুদ্ধে মামলা রয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান জানিয়েছেন।
অবরোধে গাড়ি চলাচলে নিরাপত্তার বিষয়ে অতিরিক্ত উপপুলিশ কমিশনার এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, পুলিিশ পাহারায় রাতে গাড়ি চলাচল করছে। দিনের বেলায় গাড়ি চলাচলের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে।
রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, নাঙ্গলকোটে নাশকতার পর জরুরি পাইলটিং আরও জোরদার করা হয়েছে। তবে আন্তনগর ও লোকাল ট্রেনের সূচি-বিপর্যয় ঘটেছে। জরুরি পাইলটিংয়ের কারণে আন্তনগর ট্রেনের গতি সর্বোচ্চ ৭২ কিলোমিটার থেকে ৪০ কিলোমিটারে নামিয়ে আনা হয়।
রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ট্রেনের গতি কমে যাওয়ায় সূচি এলোমেলো হয়ে গেছে। যাত্রীদের নিরাপত্তা ও রেলের সম্পদ রক্ষার জন্য এটা করতে হচ্ছে।