ককটেল ছুড়তে গিয়ে শিবিরের কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কদমতলী বাস টার্মিনাল এলাকায় গত মঙ্গলবার রাতে ককটেল ছোড়ার সময় বিস্ফোরণে এক মাদ্রাসাছাত্র গুরুতর আহত হয়েছেন। তাঁকে পুলিশি পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ বলছে, আহত সাকিবুল হাসান শিবিরের কর্মী।
পুলিশ সূত্র জানায়, আতঙ্ক ছড়াতে মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী এলাকায় শিবিরের দুই কর্মী রিকশায় বসে সড়কে একটি ককটেলের বিস্ফোরণ ঘটান। কিছুক্ষণ পর আরেকটি ককটেল ছোড়ার সময় হুডের সঙ্গে লেগে তা রিকশাতেই বিস্ফোরিত হয়। এতে বায়তুশ শরফ মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের ছাত্র সাকিবুলের চোখে ককটেলের স্প্লিন্টার লাগে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল বুধবার কোতোয়ালি থানার ওসি এ কে এম মহিউদ্দিন বলেন, সাকিবুল রিকশা থেকে একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছিলেন। দ্বিতীয়টি ছোড়ার সময় হুডের সঙ্গে লেগে তা রিকশাতেই বিস্ফোরিত হয়। পুলিশি পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। তাঁর একটি চোখ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। ওসি জানান, বিস্ফোরণের পর সাকিবের সহযোগী পালিয়ে যান। দুজনের বিরুদ্ধে বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সাকিবুলের বাড়ি লোহাগাড়ায়। এর আগে গত সপ্তাহে লোহাগাড়ায় ককটেল ছুড়ে মারার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিবিরের এক কর্মী নিহত হন।