রাজধানীতে ৩০ লাখ টাকা ছিনতাই
রাজধানীর মগবাজারের দিলু রোডে ককটেল, হাতবোমা ছুড়ে ও গুলি করে ৩০ লাখ ৬০ হাজার টাকা ছিনতাই হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইকবাল প্রথম আলোকে জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। মগবাজারের জে আর করপোরেশন নামের একটি প্রতিষ্ঠানের টাকা ছিনতাই করা হয়। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন জে আর করপোরেশনের মহাব্যবস্থাপক হারুন অর রশীদ, প্রধান হিসাবব্যবস্থাপক নূর মোহাম্মদ, ব্যবস্থাপক (খাদ্য) কামাল হোসেন, সহকারী যন্ত্রকৌশল প্রকৌশলী মানিক হোসেন, দারোয়ান আলতাফ, ভান্ডার সহকারী (স্টোর হেলপার) সোহাগ ও জহিরুল। তাঁদের উদ্ধার করে আল বারাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিদের মধ্যে আলতাফ ও মানিকের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী বলে দাবি করা জে আর করপোরেশনের জ্যেষ্ঠ হিসাবরক্ষণ কর্মকর্তা মো. জসিমউদ্দিনের ভাষ্য, আজ সকালে তাঁদের প্রতিষ্ঠানের আটজন কর্মকর্তা-কর্মচারী টাকা জমা দিতে অফিসের পাশেই এনসিসি ব্যাংকে যাচ্ছিলেন। তাঁরা সাইকেলের পেছনে দুটি বাক্সে করে টাকা নিয়ে বের হন। একটি বাক্সে সাড়ে সাত লাখ এবং অপরটিতে ২৩ লাখ ১০ হাজার টাকা ছিল। মগবাজারের ৩৭৫/এ দিলু রোডের অফিসের গলি থেকে বেরিয়ে মূল রাস্তায় উঠতেই ছিনতাইকারীরা হাতবোমা ও ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এ সময় ছিনতাইকারীরা কয়েকটি গুলি ছুড়ে সব টাকা নিয়ে যায়।
জসিমউদ্দিনের ভাষ্যমতে, দুটি মোটরসাইকেলে আট থেকে নয়জন যুবক তাঁদের ওপর হামলা চালায়।
প্রতিষ্ঠানটির মালিক আবুল কাশেমের ভাষ্য, আকিজ গ্রুপের পণ্যের তিনি একজন পরিবেশক। প্রথম আলোকে তিনি বলেন, ‘২০ বছর ধরে ব্যবসা করছি। কখনো কোনো হুমকিও আসেনি। কেন এমনটি হলো—কিছু বোঝা যাচ্ছে না।’ এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।