ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবলীগের দুই কর্মী আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষ্মীয়ারা বাজারের পাশে গত বৃহস্পতিবার রাতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবলীগের দুই কর্মী আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্র এ কথা জানিয়েছে।
তবে আওয়ামী লীগের দাবি, প্রতিপক্ষের সন্ত্রাসীদের ছোড়া ককটেল বিস্ফোরণে ওই দুজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে লক্ষ্মীয়ারা বাজারের পাশে একটি পরিত্যক্ত ঘরে বসে তিন-চারজন যুবক ককটেল তৈরি করছিলেন। একপর্যায়ে বিকট শব্দে সেখানে ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে এ বি এম সুমন (২৮) ও রিয়াজ উদ্দিন (২৫) নামের দুজনের শরীর ঝলসে যায়। এ সময় অপর সহযোগীরা তাঁদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যান। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, বিস্ফোরণে আহত ব্যক্তিরা ককটেল তৈরি করছিলেন। আহত দুজনই যুবলীগের কর্মী।