ককটেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে শিশু আহত
রাজধানীর পূর্ব কদমতলী এলাকায় আজ শনিবার বিকেলে কুড়িয়ে পাওয়া ককটেল নিয়ে খেলার সময় বিস্ফোরণে এক শিশু আহত হয়েছে। শিশুটি শারীরিক প্রতিবন্ধী বলে তার পরিবারের লোকজন জানান।
শিশুটির নাম মো. দোলন (১২)। বাবার নাম রবিউল ইসলাম। তাদের বাসা পূর্ব কদমতলীর বায়তুন নূর জামে মসজিদের কাছে।
ঢাকা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, বিকেল চারটার দিকে বাড়ির ফটকের পাশে কুড়িয়ে পাওয়া একটি ককটেল নিয়ে খেলছিল দোলন। হঠাৎ এটি বিস্ফোরিত হলে এর স্প্লিন্টার দোলনের থুতনিতে লাগে। তাকে সেখান থেকে উদ্ধার করে বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বাবা রবিউল ও চাচাতো ভাই উজ্জ্বল। বর্তমানে দোলন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
প্রথম আলোকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক।