ককটেল, পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুরে বগুড়ায় নির্বাচন

বগুড়া পৌরসভা নির্বাচনে আজ বুধবার অন্তত আটটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, পাল্টাপাল্টি ধাওয়া ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে।
তাপসী রাবেয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ককটেল হামলা চালিয়ে ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর বেলা দেড়টা থেকে ওই ভোটকেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ আছে।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আজাহার আলী বলেন, এসব কেন্দ্রে ৪০ থেকে ৫০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা এ সময় ৮ নম্বর বুথে ঢুকে অন্তত ৩০০ ব্যালট পেপারে সিল মারে। তবে কোন প্রতীকে সিল মারে, তা জানা যায়নি।
পুলিশ ওই সময় হামলাকারীদের ছত্রভঙ্গ করতে চার-পাঁচটি গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত চারটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় কাউন্সিলর প্রার্থীর এজেন্ট মোসাদ্দেক আলীকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

এর আগে বগুড়া পৌরসভার আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সহিংসতার ঘটনায় বেলা সোয়া ১২টা থেকে সোয়া একটা পর্যন্ত ভোটগ্রহণ বন্ধ থাকে। এ সময় এনামুল হক নামে একজন ভোটার আহত হন। প্রিসাইডিং কর্মকর্তা আবদুর রশিদ আইডিয়াল এই ভোটকেন্দ্রে এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন।
এ ছাড়া নারুলি উত্তরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্র, বগুড়া কলেজ কেন্দ্র ও জুবিলি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।