ককটেল, পেট্রলবোমা, আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সরকারি কলেজে ছাত্রলীগের চার কর্মীকে শিবিরের কর্মীরা মারধর করেছেন—এমন অভিযোগে পুলিশ দুটি হোস্টেলে গতকাল বৃহস্পতিবার দুপুরে তল্লাশি চালিয়েছে। এ সময় পুলিশ ককটেল, পেট্রলবোমা, বোমা তৈরির সরঞ্জাম ও দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। এসব উদ্ধারের সময় কলেজের এমএলএসএসের দায়িত্বে নিয়োজিত মহিউদ্দিন মাসুদকে আটক করা হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার কামরুল আমীন প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের কর্মীদের মারধরের অভিযোগ পেয়ে কলেজ ক্যাম্পাসে যাই। পরে কলেজের দুটি হোস্টেলে অভিযান চালিয়ে ককটেল, বোমা তৈরির সরঞ্জাম, বিপুল পরিমাণ দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
কলেজ সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১১টার দিকে ইতিহাস বিভাগের নতুন দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় প্রধান সিদ্দিকুল্লাহ খানকে শুভেচ্ছা জানাতে যান ছাত্রলীগের কর্মীরা। এ খবরে শিবিরের কর্মীরা সেখানে গিয়ে তাঁদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং ছাত্রলীগের চার কর্মী—ইতিহাস বিভাগের জয়নাল আবেদীন, ওয়াহেদ, নাফিজ ও সঞ্জয় চাকমাকে সোহরাওয়ার্দী হলে নিয়ে মারধর করে ছেড়ে দেন। আহত শিক্ষার্থী জয়নাল আবেদীন বলেন, ‘চট্টগ্রাম কলেজে শিবির ছাড়া অন্য কেউ শুভেচ্ছা জানাতে পারবে না—এমন দাবি তোলে শিবিরের কয়েকজন নেতা-কর্মী। আমরা কেন এখানে শুভেচ্ছা এসেছি, জানতে চেয়ে তারা আমাদের সোহরাওয়ার্দী হলে ধরে নিয়ে যায়। সেখানে নিয়ে গালাগাল ও মারধর করে ছেড়ে দেওয়া হয় আমাদের।’
তবে অভিযোগের ব্যাপারে চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আ স ম রায়হান বলেন, ‘পুরো বিষয়টি বানোয়াট, ভিত্তিহীন। আমরা এ রকম অপরিপক্ব কাজ করতে পারি না।’
এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ প্রথমে সোহরাওয়ার্দী হলের কয়েকটি কক্ষে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধর্মীয় বই, পোস্টার, শিবিরের মাসিক রিপোর্টের ছাপানো কপি উদ্ধার করে। বেলা প্রায় দেড়টার দিকে সোহরাওয়ার্দী হলের দোতলার বাথরুমের ভেতরে একটি বস্তা থেকে বেশ কয়েকটি পেট্রলবোমা উদ্ধার করে।
বেলা আড়াইটার দিকে শেরেবাংলা হলের ডাইনিং রুমের পাশে তালাবদ্ধ একটি পরিত্যক্ত কক্ষে তল্লাশি চালিয়ে কয়েক বস্তা দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে রয়েছে চারটি ধারালো ছুরি, পাঁচটি রামদা, ছয়টি কিরিচ ও ছয়টি লোহার পাইপ।
ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক নুরুল আজিম বলেন, ‘আমাদের চার সমর্থককে শিবিরের কর্মীরা মারধর করেছে। শিবির এই কলেজটাকে জঙ্গিদের আখড়া বানাতে চায়। আমরা সাত দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছি। কাল শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’
চট্টগ্রাম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জেসমিন আকতার মুঠোফোনে বলেন, ‘আমরা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বাহিনীর সহযোগিতা চেয়েছি। আপাতত হল বন্ধ করা যাচ্ছে না। কারণ, বর্তমানে চট্টগ্রামের বাইরে আছি। এ ব্যাপারে আমাদের একাডেমিক কাউন্সিলের সভার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে।’