ককটেল ফাটানোর সময় শিবির কর্মীকে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবিব হোসেন
সাবিব হোসেন

ককটেল ফাটিয়ে পালানোর সময় ছাত্রশিবিরের এক কর্মীকে ধরে গণপিটুনি দিয়েছে জনতা। চট্টগ্রাম নগরের তিনপুল এলাকায় গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, গণপিটুনির শিকার হওয়া শিবিরের ওই কর্মীর নাম সাবিব হোসেন ওরফে নকিব (২১)। তিনি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের ছাত্র। চট্টগ্রাম মেডিকেলে তাঁকে চিকিৎসা দিয়ে জিজ্ঞাসাবাদের জন্য কোতোয়ালি থানায় নিয়ে গেছে পুলিশ। তাঁর মাথা ও শরীরে আটটি সেলাই দিতে হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বেলা পৌনে একটার দিকে রিয়াজউদ্দিন বাজারসংলগ্ন তিনপুলের মাথায় শিবিরের চার নেতা-কর্মী তিনটি ককটেল ফাটান। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একটি ককটেল ফাটিয়ে পালানোর সময় ক্ষুব্ধ জনতা সাবিব হোসেনকে ধরে গণপিটুনি দেয়। বাকি তিনজন পালিয়ে যান। ওই তিনজন চট্টগ্রাম মুহসীন কলেজের ছাত্র বলে পুলিশ নিশ্চিত হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সাবিবের মাথা ও শরীরে আটটি সেলাই দিতে হয়েছে। তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে।’
পুলিশ সূত্র জানায়, পালিয়ে যাওয়া শিবিরের তিন নেতা-কর্মীর মধ্যে একজন ২০১৩ সালে নাশকতার ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে বেরিয়ে তিনি আবার নগরে ককটেল ফাটানো ও গাড়িতে অগ্নিসংযোগ ঘটনার নেতৃত্ব দিচ্ছেন। তদন্তের স্বার্থে পুলিশ তাঁর নাম গোপন রেখেছে।
শিবির নেতা গ্রেপ্তার: চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের সভাপতি তারেক হোছাইনকে (২৮) গতকাল দুপুরে পুলিশ গ্রেপ্তার করেছে। নগরের শাহ আমানত সেতু এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর গ্রামের বাড়ি সাতকানিয়ার আলীনগর এলাকায়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘গাড়িতে পেট্রলবোমা ও ককটেল ফাটানোর জন্য শিবিরের অনেক নেতা-কর্মী বিভিন্ন জেলা ও উপজেলায় ছড়িয়ে-ছিটিয়ে গেছেন। তারেক এ বিষয়ে আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আমরা তথ্যগুলো যাচাই করে দেখছি। তাঁর বিরুদ্ধে নগরে চারটিসহ দুই ডজন মামলা আছে।’