ককটেল ফাটানোর সময় জামায়াত কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে দিদার মার্কেট এলাকায় ককটেল ছোড়ার সময় আজ শনিবার জামায়াতের এক কর্মীকে হাতেনাতে আটক করেছে পুলিশ। পরে আশপাশের এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের আরও ৩৫ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এ ছাড়া চকটেল বোমা ফাটানোর অভিযোগে নগরের আগ্রাবাদ এলাকা থেকে আরও আটজনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আজ বেলা একটার দিকে জামায়াত-শিবিরের ১৪-১৫ জন নেতা-কর্মী নগরের সিরাজউদ্দৌলা সড়কের দিদার মার্কেট এলাকায় ৯-১০টি ককটেল ফাটায়। এ সময় পুলিশ একরামুল হক ওরফে সুমন (২৫) নামের এক যুবককে হাতেনাতে ধরে ফেলে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জামায়াতের কর্মী বলে স্বীকার করেন।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, ককটেল ফাটানোর পর ১৩-১৪ জনের একটি দল পাশের দারুল উলুম মাদ্রাসায় ঢুকে পড়ে। পুলিশ মাদ্রাসাটি ঘেরাও করে আরও ৩৫ জনকে আটক করে। আটক লোকজনের মধ্যে মাদ্রাসা শাখা ছাত্রশিবিরের সভাপতি ফোরকান হোসেনও (২৩) রয়েছেন। ফোরকান এর আগে নগরে বোমাবাজির সঙ্গে জড়িত ছিলেন, যার ভিডিও ফুটেজ পুলিশের কাছে আছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘একরামুল হককে আমরা হাতেনাতে ধরেছি, তিনি জামায়াতের কর্মী বলে স্বীকার করেছেন। পরে আরও ৩৫ জনকে আটক করা হয়। এদের মধ্যে কয়েকজন বোমাবাজ রয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন, পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে মামলার প্রস্তুতি চলছে।’

এদিকে আজ বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যুৎ ভবনের সামনে পর পর দুটি চকলেট বোমা ফাটায় দুর্বৃত্তরা। বিকট শব্দে বোমাগুলো ফাটলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে আটজনকে আটক করে। মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার এস এম তানভীর আরাফাত এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।