ককটেল ফাটিয়ে ছিনতাই, আহত ১
গাজীপুরের চক্রবর্তী বাসস্ট্যান্ড এলাকায় কয়েকজন ছিনতাইকারী একটি প্রাইভেটকার থেকে নেমে অতর্কিতে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় আতঙ্কে এলাকার লোকজন এলোপাতাড়ি ছোটাছুটি শুরু করে। একপর্যায়ে বাসস্ট্যান্ড এলাকা ফাঁকা হয়ে যায়। এরপর ছিনতাইকারীরা ওই এলাকার এবিএম ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এজেন্ট ও বিকাশের এজেন্টের দোকানে ঢুকে মোট পাঁচ লাখ ৯০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ব্যবসায়ী মো. নাসির হোসেনের ডাচ বাংলার ক্যাশ থেকে পাঁচ লাখ এবং মো. ফারুক হোসেনের বিকাশের ক্যাশ থেকে ৯০ হাজার টাকা লুট করেছে ছিনতাইকারীরা। ব্যবসায়ী ফারুক ছিনতাইকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁর হাত ও মাথা জখম করা হয়। টাকা নিয়ে প্রাইভেটকারে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ছিনতাইকারীরা। ফারুক হোসেনকে উদ্ধার করে স্থানীয় শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. হারুন অর রশীদ জানান, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।