ককটেল বানাতে গিয়ে আহত, পরে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী পৌরসভার বারাহিপুর সাহেববাজার এলাকায় ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে আহত এক তরুণকে আটক করেছে পুলিশ। তাঁর নাম মো. রকি। একই সঙ্গে ঘটনাস্থল থেকে ১০টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ধারণা করছে রকির বয়স ১৮ বছর হতে পারে। তাঁকে পুলিশ হেফাজতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ প্রথম আলোকে বলেন, রাত ১১টার দিকে বারাহিপুর সাহেববাজারের পাশে পরিত্যক্ত একটি ঘরে কয়েকজন ককটেল তৈরি করছিলেন। এ সময় ককটেলের বিস্ফোরণ ঘটলে রকি ও আরও দুজন আহত হন। তবে এ ঘটনায় রকিকে আটক করা গেলেও অন্যরা পালিয়ে যান। সেখান থেকে বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়েছে।