ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলায় আজ বুধবার ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে একজন মারা গেছেন। নিহত ব্যক্তির নাম শাহারুল ইসলাম (৩৫)। পুলিশ জানিয়েছে, নিহত শাহারুল মাদক, চোরাচালানসহ বিভিন্ন মামলার আসামি। চোরাচালানের সময় কোনো ধরনের বাধার সম্মুখীন হলে তিনি নিজের বানানো ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যেতেন।

থানা-পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, শাহারুল ইসলাম গাংনী উপজেলার কাজীপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। আজ বেলা দেড়টায় নিজ বাড়িতে কয়েকজন সহযোগীর সঙ্গে বসে জর্দার কৌটায় ককটেল বানাচ্ছিলেন তিনি। সে সময় একটি ককটেলের বিস্ফোরণে তাঁর দুই হাতের আঙুল উড়ে যায়। চোখসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে পরিবারের লোকজন গ্রামের কাছাকাছি বামনদী এলাকার একটি ক্লিনিকে নিয়ে ভর্তি করান। সেখানে শাহারুলের অবস্থার অবনতি হলে তাঁকে নিয়ে পরিবারের সদস্যরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উদ্দেশে রওনা হন। পুলিশ খবর পেয়ে বামনদী আখ সেন্টারের কাছ থেকে শাহারুলকে আটক করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা তিনটার দিকে শাহারুল মারা যান।
শাহারুলের মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এম কে রেজা।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে আহত শাহারুল বেলা তিনটার দিকে মারা যান। তাঁর লাশের সুরতহাল করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ওসি আরও বলেন, নিহত শাহারুলের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন মামলা রয়েছে। তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন। নিজের বানানো ককটেল তিনি চোরাচালানের সময় ব্যবহার করতেন। পুলিশি বাধার সম্মুখীন হলে পুলিশের দিকে ককটেল ছুড়ে পালিয়ে যেতেন।