ককটেল বিস্ফোরণে তিন শিশু আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বজনদের কোলে আহত দুই শিশু সাদিয়া ও রিফাত l প্রথম আলো
স্বজনদের কোলে আহত দুই শিশু সাদিয়া ও রিফাত l প্রথম আলো

রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগে গতকাল বুধবার সকালে পলিথিনে মোড়ানো পোঁটলা নিয়ে খেলার সময় বিস্ফোরণে তিন শিশু আহত হয়েছে। তারা হলো সুলতানা আক্তার (৭), সাদিয়া আক্তার (১০) ও রিফাত হোসেন (৪)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎ​সা নেওয়ার পর হাসপাতাল থেকে আহত শিশু সুলতানাকে কোলে নিয়ে বেরিয়ে আসছেন এক স্বজন l ছবি: প্রথম আলো
চিকিৎ​সা নেওয়ার পর হাসপাতাল থেকে আহত শিশু সুলতানাকে কোলে নিয়ে বেরিয়ে আসছেন এক স্বজন l ছবি: প্রথম আলো


পুলিশ জানিয়েছে, পোঁটলার ভেতরে স্কচটেপ মোড়ানো ককটেল নিয়ে খেলার সময় সেটি বিস্ফোরিত হলে শিশুরা আহত হয়। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে সুলতানা, সাদিয়া ও রিফাত ইসলামবাগের নামাপাড়ায় পলিথিনে মোড়ানো একটি পোঁটলা পড়ে থাকতে দেখে সেটি হাতে তুলে নেয়। একপর্যায়ে শিশু রিফাত পোঁটলাটি ছুড়ে মারলে সেটির ভেতরে থাকা ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে ককটেলের স্প্লিন্টার তিন শিশুর শরীরের বিভিন্ন স্থানে লাগে।
হাসপাতাল সূত্র জানায়, ককটেল বিস্ফোরণে সাদিয়া ও সুলতানার পা এবং রিফাতের হাত, কপাল ও গাল ঝলসে গেছে। তবে তারা আশঙ্কামুক্ত।
শিশু সুলতানা ও রিফাত মা-বাবার সঙ্গে ইসলামবাগের নামাপাড়ায় সিরু মিয়ার বাড়িতে ভাড়া থাকে। সুলতানা স্থানীয় একটি কিন্ডারগার্টেনে কেজি ওয়ানে পড়ে। আর শিশু সাদিয়া ঝালকাঠি থেকে নামাপাড়ায় তার বাবার কাছে বেড়াতে এসেছে। সে ঝালকাঠির মানপাশার একটি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।