ককটেল বিস্ফোরণ তিন 'শিবির কর্মী' গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের পাশে গত বৃহস্পতিবার রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরপর গভীর রাতে হলে তল্লাশি চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, তাঁরা ছাত্রশিবিরের কর্মী।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাদিসুর রহমান, আমিনুল ইসলাম ও শাফিউল্লাহ হক। তাঁদের নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবীর। ওসি হুমায়ূন কবীর বলেন, গ্রেপ্তার হওয়া সবাই শিবির কর্মী। চলতি বছরের ৬ জানুয়ারি দায়েরকৃত একটি নাশকতার মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত আটটার দিকে শহীদ শামসুজ্জোহা হলের পূর্ব পাশে একটি ককটেল বিস্ফোরিত হয়। এরপর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি রানা চৌধুরী ও আতিকুর রহমানের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা রাত নয়টার দিকে হলে তল্লাশি শুরু করেন। তাঁরা হলের দ্বিতীয় ব্লকের ১৬৪, ২৩১ ও ২৫৪ নম্বর কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালান। ১৬৪ নম্বর কক্ষ থেকে শিবিরের ‘জিহাদি বই’ ও নথি উদ্ধার করা হয়। পরে পুলিশ এসে হলের ওই কক্ষগুলোতে আবার তল্লাশি চালিয়ে তিন শিবির কর্মীকে আটক করে।
ছাত্রলীগের নেতা আতিকুর রহমান বলেন, ‘হলে শিবিরের নেতা-কর্মীরা অবস্থান নিয়ে নাশকতার পরিকল্পনা করছিল। নাশকতার উদ্দেশ্যে তারা একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। নাশকতা প্রতিরোধে ছাত্রলীগ শিবিরের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।’
শামসুজ্জোহা হল শাখা শিবিরের নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, ‘ছাত্রলীগের নেতা-কর্মীরা হলে ককটেল ফাটিয়ে পরে তারা এর দায়ভার শিবিরের ওপর চাপিয়ে আমাদের কর্মীদের কক্ষ ভাঙচুর করেছে।’