ককটেল বিস্ফোরণে গুরুতর জখম শিশু

বগুড়া সদরে পরিত্যক্ত একটি ককটেল বিস্ফোরণে ১৩ বছরের এক শিশুর ডান হাতের পাঁচটি আঙুল গুরুতর জখম হয়েছে। অল্পের জন্য রক্ষা পেয়েছে তার চোখ। পুলিশের ধারণা, ইউনিয়ন পরিষদ (ইউপি)নির্বাচনের সময় কারও ফেলে যাওয়া ককটেল বিস্ফোরণেই আহত হয় শিশুটি।
উপজেলার নামুজা ইউনিয়নে গতকাল রোববার এ ঘটনা ঘটে। আহত শিশুর নাম সুজন মিয়া। সুজন নামুজা মসজিদপাড়ার লালু মিয়ার ছেলে এবং এসআই ফাজিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।
বগুড়া সদর থানা-পুলিশ ও আহত শিশুটির পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, সকাল সাড়ে আটটার দিকে সুজন বাড়ির পাশে নির্মাণাধীন একটি বাড়ির ছাদে খেলতে ওঠে। এ সময় সেখানে লাল টেপে মোড়ানো একটি ছোট বলের মতো জিনিস পড়ে থাকতে দেখে। কৌতূহলী সুজন সেটা হাতে তুলে নিয়ে নাড়াচাড়া করতে থাকে। এ সময় সেটি বিস্ফোরিত হয়ে শিশুটি আহত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধান রেজাউল আলম বলেন, বিস্ফোরণে শিশুটির ডান হাতের মধ্যমা আঙুলটি সম্পূর্ণ এবং অন্য চার আঙুলের অর্ধেক উড়ে গেছে। এ ছাড়া তার কপালেও স্প্লিন্টারের আঘাত লেগেছে। অল্পের জন্য রক্ষা পেয়েছে শিশুটির বাম চোখ।
শিশুটির বড় ভাই সুমন হোসেন বলেন, গত শনিবার নামুজা ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়। নির্মাণাধীন ওই বাড়ির ছাদে বিভিন্ন প্রার্থীর সমর্থকদের আনাগোনা ছিল। নির্বাচনকে কেন্দ্র করে কোনো পক্ষ বাড়ির ছাদে ককটেলটি এনে রেখেছিল। কিন্তু সুজন সেটা খেলনা ভেবে হাতে নিতেই বিস্ফোরিত হয়ে তার আঙুল উড়ে যায়।
সদর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম আলী বলেন, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কোনো পক্ষ ককটেলটি সেখানে ফেলে রেখেছিল। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে গতকাল রোববার রাত সাড়ে আটটা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। ককটেলটি সেখানে কীভাবে গেল, পুলিশ তা তদন্ত করে দেখছে।