ককটেল বিস্ফোরণের অভিযোগে দুই যুবককে পুলিশে সোপর্দ
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ফটকের সামনে থেকে ককটেল বিস্ফোরণের অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশে দেওয়া দুজন হলেন মোহাম্মদ হোসেন (২৮) ও নিলয় (২৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা শাহবাগ থানা ছাত্রলীগের নেতা এম এ এইচ স্বপনসহ ছাত্রলীগের সাত-আটজন নেতা-কর্মী ককটেল বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ হোসেন ও নিলয়কে ধরে হাসপাতাল পুলিশ ফাঁড়ির পুলিশের কাছে সোপর্দ করেন।
আটক মোহাম্মদ হোসেন ও নিলয় তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। মোহাম্মদ হোসেনের দাবি, তিনি একটি গাড়ির গ্যারেজে কাজ করেন। নিলয়ের দাবি, তিনি একটি চায়ের দোকানে কাজ করেন।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। আটক দুজন দোষী হলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।