ককটেল-বোমাসহ পাঁচ 'জঙ্গি' গ্রেপ্তার
গাজীপুর থেকে ককটেল, পেট্রলবোমা, ধারালো অস্ত্র, জিহাদি বইসহ সন্দেহভাজন পাঁচ জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে সিটি করপোরেশনের জয়দেবপুর থানার বনগ্রাম কুচপাড়া এলাকা থেকে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার সকালে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বগুড়ার মো. তানভীরুল হক ওরফে সজল (২৩), কিশোরগঞ্জের মো. হারুন মিয়া (৩৭), মো. হোসেন (২৯), দ্বীন ইসলাম (৩৫) ও মো. আবদুল হান্নান (৩৫)।
পুলিশ সুপার হারুন অর রশীদ বলেন, বনগ্রাম কুচপাড়া শালবনে কয়েকজন জঙ্গি জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করছে বলে খবর পাওয়া যায়। গতকাল রাত সোয়া ১১টার দিকে জেলা পুলিশের বিশেষ টাস্ক গ্রুপের একটি দল সেখানে অভিযান চালায়। ঘটনাস্থল থেকে পাঁচ জঙ্গিকে আটক করা হয়। উদ্ধার করা হয় ছয়টি ককটেল, পাঁচটি পেট্রলবোমা, দুটি ছোরা, একটি চাপাতি, কিছু জিহাদি বই ও পতাকা।
এ ঘটনায় জয়দেবপুর থানায় পৃথক দুটি মামলা হয়েছে বলে জানায় পুলিশ।