ককটেল হামলায় আহত ৩, হামলার জন্য ছাত্রলীগ নেতাকে দায়ী!
রাজধানীর তালতলার মোল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ককটেল হামলায় তিন যুবক আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত যবকেরা হলেন শেরেবাংলা নগর এলাকার সাজিবুল ইসলাম, শহীদুল ইসলাম ও রাফিউল ইসলাম। তাঁরা নিজেদের স্বেচ্ছাসেবক লীগের নেতা দাবি করে হামলার জন্য স্থানীয় ছাত্রলীগের নেতা হৃদয়কে দায়ী করেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত যুবকেরা দাবি করেন, আজ সন্ধ্যায় শেরেবাংলা নগরের ছাত্রলীগের কিছু কর্মী মোল্লাপাড়ায় স্বেচ্ছাসেবক লীগের নেতা সাজিবুল ও শহীদুলসহ সংগঠনের অন্য নেতা–কর্মীদের দিকে ককটেল ছুড়ে মারেন। এতে স্বেচ্ছাসেবক লীগের নেতা সাজিবুল, শহীদুল ও রাফিউল আহত হন। ককটেলের আঘাতে তাদের শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে।
আহত সাজিবুলের অভিযোগ, স্থানীয় ছাত্রলীগের নেতা হৃদয়ের নেতৃত্বে তাঁদের ওপর হামলা চালানো হয়েছে। হামলাকারীরা তাঁর বাড়িতেও ব্যাপক ভাঙচুর চালিয়েছেন। তিনি দাবি করেন, শেরেবাংলা নগরের গণপূর্তের বেদখল হওয়া একটি জমি উদ্ধার করেন স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। এ নিয়ে আপত্তি তোলেন শেরেবাংলা নগরের ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ রাতে বিষয়টি সমাধানে উভয় পক্ষের থানায় বৈঠক করার কথা ছিল।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল গণেশ বিশ্বাস বলেন, আধিপত্য বিস্তার নিয়ে হামলার ঘটনা ঘটেছে। তবে আহত বা হামলাকারীরা ছাত্রলীগ বা স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে জড়িত নন বলে দাবি করেন ওসি।