
হরতাল ও অবরোধে চট্টগ্রামে দুর্বৃত্তদের ককটেল হামলায় নিহত হয়েছেন এক পথচারী। নারায়ণগঞ্জে বাসে পেট্রলবোমা হামলায় দগ্ধ হয়েছেন দুজন। নড়াইলে আওয়ামী লীগের ওয়ার্ড কার্যালয়ে আগুন, রাজধানীতে বাসে আগুন ও ককটেল হামলা এবং চট্টগ্রাম, রাজশাহী, সিরাজগঞ্জ ও ভোলায় বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা অবরোধের ৫২তম দিন ছিল গতকাল বুধবার। এদিন রাত ১২টা পর্যন্ত নাশকতায় জড়িত সন্দেহে, মামলা ও অন্যান্য ঘটনায় আটক বা গ্রেপ্তার করা হয় ২৪ জনকে।
৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে গত ৬ জানুয়ারি থেকে চলছে অবরোধ কর্মসূচি। তবে এর দুই দিন আগেই শুরু হয় সহিংসতা। ক্রসফায়ারে ৩৩ জনসহ সহিংসতায় এ পর্যন্ত নিহত হয়েছেন ১০৯ জন; আহত ব্যক্তির সংখ্যা সহস্রাধিক। আগুন দেওয়া হয়েছে ৬০৫টি যানবাহনে এবং ভাঙচুর করা হয়েছে আরও ৫৮২টি।
ককটেল হামলায় পথচারী নিহত: চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন সিঅ্যান্ডবি কলোনি এলাকায় দুর্বৃত্তের ছোড়া ককটেলে নিহত হয়েছেন পথচারী মোহাম্মদ রিদওয়ান (৫২)। তাঁর বাড়ি কালুরঘাটের অদূরে মোহরা এলাকায়।
মোহাম্মদ রিদওয়ানের ভাতিজা মোহাম্মদ সাইফুল বলেন, ‘আমার চাচা জমি কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত। সন্ধ্যায় তিনি সিঅ্যান্ডবি এলাকায় হাঁটছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে ককটেল ছুড়ে মারে। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তাঁর মৃত্যু হয়।
এক প্রত্যক্ষদর্শী জানান, হামলাকারীরা ৮-১০ জন ছিল। আহত অবস্থায় রিদওয়ানের কাছ থেকে মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় তারা।
ঢাকায় গাড়িতে আগুন, ককটেল হামলা: গতকাল সন্ধ্যা পৌনে ছয়টার দিকে গেন্ডারিয়ার স্বামীবাগে আনন্দ পরিবহনের যাত্রীবাহী একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন ছড়িয়ে পড়ার আগেই যাত্রীরা দ্রুত নেমে পড়তে সক্ষম হওয়ায় কেউ হতাহত হয়নি। স্থানীয় লোকজন আগুন নেভান। যাত্রীবেশী কিছু দুর্বৃত্ত বাসটিতে আগুন দেয়। বাসটি নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসছিল।
এ ছাড়া রাত আটটার দিকে গুলশান ১ নম্বর সুপার মার্কেটের কাছে দুর্বৃত্তরা অনলাইন নামের একটি চলন্ত বাসে ককটেল ছুড়ে মারে। ককটেলটি বাসের ভেতর বিস্ফোরিত হলে যাত্রী হুমায়ুন কবির, রাজু ও জিন্নাতুল ইসলাম আহত হন। ককটেলে হুমায়ুন ও জিন্নাতুলের মাথা এবং রাজুর কপাল জখম হয়েছে। বাসটি গুলশান ১ থেকে ২ নম্বরের দিকে যাচ্ছিল।
রাত পৌনে আটটার দিকে উত্তরার হাউস বিল্ডিংয়ের সামনে ককটেলের বিস্ফোরণে নাসির আহমেদ নামে এক পথচারীর পা ঝলসে গেছে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লালবাগের সাত শহীদ কমিউনিটি সেন্টারের সামনে ককটেলের বিস্ফোরণে মো. আক্কাস ও মো. শহীদ নামের আরও দুই যুবক আহত হন।
পেট্রলবোমায় দগ্ধ ২: নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে পার্ক করে রাখা একটি বাসে পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এতে মারাত্মক দগ্ধ হয়েছেন বাসের ঠিকাদার শাকিল (১৮) ও চালকের সহকারী ইয়াসিন (১২)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল ভোরে সাওঘাট এলাকায় এ হামলা চালানো হয়। শাকিলের শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে।
মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার সাওঘাট এলাকার বিসমিল্লাহ সিএনজি ফিলিং স্টেশনের সামনে আশিয়ান পরিবহনের বাসটিতে এ হামলা চালানো হয়। এ সময় বাসটির ভেতরে শাকিল ও ইয়াসিন ছিলেন। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। বাসটি পুরোপুরি পুড়ে গেছে।
আ.লীগের কার্যালয়ে আগুন: নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের বাবরা গ্রামে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে এ আগুন দেওয়া হয়। আগুনে কার্যালয়ের আসবাব পুড়ে গেছে। এতে জড়িত সন্দেহে হেমায়েত হোসেন সরদার ও দেলোয়ার হোসেন শিকদার নামে বিএনপির দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
ঢাকার বাইরের আরও চিত্র: চট্টগ্রামের কালুরঘাট সিঅ্যান্ডবি এলাকার অদূরে চান্দগাঁও বাসস্ট্যান্ডের কাছে গত রাতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গ্যারেজে মেরামত করে বাসটি ওই স্থানে পার্ক করে রেখেছিলেন চালক।
রাজশাহী নগরের বিনোদপুর এলাকায় গতকাল সকালে কয়লাবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ট্রাকটি ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল। সিরাজগঞ্জে সিরামিকের কাঁচামালবোঝাই একটি ট্রাক ভাঙচুরের পর তাতে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে সিরাজগঞ্জ-মুলিবাড়ী আঞ্চলিক সড়কের সদর উপজেলার মুলিবাড়ী মেরিন একাডেমির সামনে এ ঘটনা ঘটে। ভোলা শহরের খালপাড় সড়কেও গতকাল ভোররাতে একটি ট্রাক আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
বগুড়ার দুপচাঁচিয়ায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে গত সোমবার রাতে অগ্নিসংযোগের ঘটনায় মঙ্গলবার রাতে দলটির পক্ষ থেকে মামলা করা হয়েছে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল মোত্তালেব, সদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ বিএনপি-জামায়াতের ২৭ নেতা-কর্মী ও অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে এ মামলায়।
কুষ্টিয়ায় পরিত্যক্ত অবস্থায় পেট্রলবোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার রাতে শহরের মজমপুর এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে এসব উদ্ধার করা হয়।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা}