মতিঝিলে ককটেলসহ শিবিরের ছয়জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিল এলাকায় ককটেল, জিহাদি বই, ব্যানারসহ ইসলামী ছাত্রশিবিরের ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে এঁদের আটক করা হয়। পরে এ ঘটনায় মামলা করে করে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। একই সঙ্গে তাঁদের রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন মতিঝিল থানার শিবির সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, পল্টন থানার শিবির সভাপতি রাসেল আমিন। আর অন্য সদস্যরা হলেন আব্দুল কাইয়ুম, আলমগীর হোসেন ও মাসুদুর রহমান।

ওসি ফরমান আলী প্রথম আলোকে বলেন, গোপন সংবাদ পেয়ে মতিঝিলের আরামবাগের একটি বাসায় অভিযান চালিয়ে এই ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় এঁদের কাছ থেকে ১১টি ককটেল, বিভিন্ন ধরনের জিহাদি বই ও ছাত্রশিবিরের ব্যানার উদ্ধার করা হয়। ওই বাসাটিকে তাঁরা ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও মতিঝিল থানার ছাত্র শিবিরের একটি অস্থায়ী সমন্বয় অফিস হিসেবে ব্যবহার করছিলেন। জামায়াত নেতা আলী আহসান মুহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকরের প্রতিবাদে মতিঝিল-পল্টন এলাকায় বড় ধরনের নাশকতামূলক তৎপরতার জন্য এই বাসায় গোপন বৈঠক করছিলেন তাঁরা।

ওসি ফরমান আলী আরও বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে আফজাল হোসেন মতিঝিল থানায় একটি নাশকতা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। অন্য পাঁচজন ছাত্র শিবিরের রাজনীতির পাশাপাশি বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।