ককটেলসহ তিন 'জঙ্গি' গ্রেপ্তার
দিনাজপুর শহরের রামনগর মদিনা মসজিদ এলাকায় অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, আটক তিন যুবক জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। তাঁদের কাছ থেকে ১৯টি ককটেল ও বেশ কিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার যুবকেরা হলেন মনিরুজ্জামান মনির, শাহিনুর ইসলাম ও মো. আসাদুজ্জামান। আজ শুক্রবার কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বাদল কুমার মণ্ডল বাদী হয়ে এ তিনজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বিকেলে তাঁদের দিনাজপুর আমলি আদালত-১ এ তাঁদের হাজির করা হয়। আদালতে প্রত্যেকের ১০ দিনের করে রিমান্ডের আবেদন করা হলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
কোতোয়ালি থানার পুলিশ জানায়, গতকাল রাত পৌনে দুইটার দিকে পুলিশের একটি দল শহরের রামনগর এলাকায় টহল দিচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেলে চড়ে আসা তিন যুবক পুলিশের মুখোমুখি হয়। ওই যুবকদের কাঁধে ব্যাগ দেখে সন্দেহ হলে পুলিশ ওই যুবকদের থামতে সংকেত দেয়। এ সময় তিন যুবক তাঁদের সঙ্গে থাকা ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ওই তিন যুবককে আটক করে। তাঁদের কাছ থেকে ককটেল ও বিস্ফোরক দ্রব্য ছাড়াও ২০টি জেহাদি বই, ইসলামী ছাত্রশিবিরের সদস্য চাঁদাসহ অর্থ সংগ্রহের পাঁচটি রশিদ বই, দুটি মুখোশ, একটি নেপালি টুপি এবং ওই মোটরসাইকেলটি জব্দ করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম প্রথম আলোকে বলেন, জব্দ আলামত দেখে ধারণা করা হচ্ছে, আটক ব্যক্তিরা জেএমবি সদস্য। জিজ্ঞাসাবাদ করে তাঁদের আরও বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করা হবে।