ককটেলসহ দুই জামায়াত নেতা গ্রেপ্তার
বগুড়ায় জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ৩৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন-জেলা জামায়াতের সাবেক সহ-সভাপতি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী (৬০) এবং জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক নাজিমুদ্দিন (৫৮)।
জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা-পুলিশ গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের চকলোকমান এলাকায় আলাদা আলাদা অভিযান চালিয়ে দুজনকেই তাঁদের বাসা থেকে গ্রেপ্তার করে। এ সময় গোলাম রব্বানীর বাসা থেকে ২০টি এবং নাজিমুদ্দিনের বাসা থেকে ১৫টি ককটেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে বেশ কটি মামলা আছে।
অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তারঃ স্বেচ্ছাসেবক লীগ নেতা সাখাওয়াত হোসেন জুয়েল হত্যা মামলার পলাতক আসামি ওমর খৈয়াম গত রাতে অস্ত্রসহ ধরা পড়েছেন। গোপন খবরের ভিত্তিতে রাত ২টার দিকে জেলা শহরের মহিষবাথান এলাকায় এক যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ৮ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।