কক্ষ থেকে ইয়াবাসহ ঢাবির দুই শিক্ষার্থী আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্য সেন হলের একটি কক্ষ থেকে ইয়াবা বড়িসহ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় তাঁদের আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
আটক শিক্ষার্থীরা হলেন সাবিরুল ইসলাম সনেট ও আল আমিন। দুজনই বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। সনেট মাস্টারদা সূর্য সেন হলের ও আল আমিন বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী। সনেটের বিরুদ্ধে এর আগে জালিয়াতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তির অভিযোগ পেয়েছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)৷
সূর্য সেন হল সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় হলের ১৭৪ নম্বর কক্ষ থেকে সনেট ও আল আমিনকে ইয়াবা বড়িসহ হাতেনাতে আটক করেন হলের কয়েকজন আবাসিক শিক্ষক। অভিযোগ রয়েছে, ওই কক্ষে প্রায় নিয়মিত ইয়াবা সেবন করতেন সনেট ও আল আমিন৷ আটকের পর হল প্রশাসন ও প্রক্টরিয়াল টিমের মাধ্যমে দুজনকে থানায় সোপর্দ করা হয়।
আটক শিক্ষার্থীদের বিষয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাহেব আলী প্রথম আলোকে বলেন, ‘৩ পিস ইয়াবা ও ৫ হাজার ২৪০ টাকাসহ সূর্য সেন হল থেকে দুই ছাত্রকে আটক করা হয়েছে। দুজনকেই শাহবাগ থানায় পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’
সূর্য সেন হলের প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, হল প্রশাসন মাদকের বিষয়ে খুবই কঠোর। আটক দুজনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।