কক্ষে আটকে আত্মসাতের টাকা উদ্ধার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার খালিয়াজুরীতে সোনালী ব্যাংক ও সমাজসেবা অধিদপ্তরের তিন কর্মী কৌশলে হাতিয়ে নিয়েছিলেন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের টাকা। কিন্তু ভুক্তভোগী ব্যক্তিদের তোপের মুখে ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে আত্মসাৎ করা টাকা ফেরত দিতে বাধ্য হয়েছেন তাঁরা।

আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের ইউএনও কার্যালয়ের একটি কক্ষে আটকে রাখা হয়। এরপরই তাঁরা টাকা ফেরত দেন। অভিযুক্ত ব্যক্তিদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

অর্থ আত্মসাতের ঘটনায় জড়িত ব্যক্তিরা হলেন সোনালী ব্যাংকের খালিয়াজুরী শাখার জুনিয়র ক্যাশ কর্মকর্তা হারুন-অর-রশিদ, উপজেলা সমাজসেবা কার্যালয়ের কারিগরি প্রশিক্ষক শহিদুল ইসলাম ও ইউনিয়ন মাঠকর্মী মামুন উদ্দিন। খালিয়জুরীর ছয়টি ইউনিয়নের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ ভাতা থেকে মোট ১৩ লাখ ৫৬ হাজার টাকা আত্মসাৎ করেছিলেন তাঁরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা, সমাজসেবা কার্যালয় ও ভুক্তভোগী ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, খালিয়াজুরীর ছয়টি ইউনিয়নে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী মোট ৪ হাজার ৭৩৮ জন ব্যক্তিকে ভাতা দেওয়া হয়। এর মধ্যে গত সোমবার সকাল থেকে গতকাল বুধবার পর্যন্ত উপজেলা সদর ও গাজীপুর ইউনিয়নের ৯৩৮ জন সুবিধাভোগীর মধ্যে টাকা বিতরণ করা হয়। সোনালী ব্যাংকের খালিয়াজুরী শাখা থেকে এ টাকা দেওয়া শুরু হয়। অভিযুক্ত ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে ভাতাভোগীদের টিপসই নিয়ে প্রত্যেককে টাকা কম দেন।

ভুক্তভোগীরা জানান, বয়স্ক ও বিধবাদের ১২ হাজার ৩০০ টাকার পরিবর্তে দেওয়া হয় ১০ হাজার ৫০০ টাকা এবং প্রতিবন্ধীদের ১৫ হাজার টাকার বদলে দেওয়া হয় ১৩ হাজার ২০০ টাকা। টাকা কম দেওয়ার বিষয়টি খালিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছানোয়ারুজ্জামানকে জানানোর পর তিনি আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) শরণাপন্ন হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, লোক পাঠিয়ে ঘটনায় জড়িত কর্মকর্তাদের ডেকে আনা হয়। এ সময় ভুক্তভোগীরা অভিযুক্ত তিন ব্যক্তির বিরুদ্ধে বিক্ষোভ করেন। প্রথমে অস্বীকার করলেও একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তিরা টাকা আত্মসাতের বিষয়টি স্বীকার করেন। এ সময় তাঁদের ইউএনওর কার্যালয়ের একটি কক্ষে আটকে রাখা হয়। পরে আত্মসাৎ করা মোট ১৩ লাখ ৫৬ হাজার টাকা ফেরত দেন ওই তিন ব্যক্তি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার আবদুল্লা আল মামুন প্রথম আলোকে বলেন, সমাজসেবা কার্যালয় ও সোনালী ব্যাংকের কিছু কর্মকর্তার যোগসাজশে এই টাকা আত্মসাৎ করা হয়েছিল। তা উদ্ধার করে ভুক্তভোগীদের মধ্যে ফেরত দেওয়া হয়েছে। এ বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে বলা হয়েছে। এর মধ্যে ব্যাংক কর্মকর্তা হারুন-অর-রশিদ চেকের মাধ্যমে ফেরত দিয়েছেন ৫ লাখ ৩৭ হাজার টাকা। শহিদুল ইসলাম নগদ ৪ লাখ ৯২ হাজার টাকা ফেরত দিয়েছেন। আর বাকি টাকা নগদে দিয়েছেন মামুন উদ্দিন। অভিযুক্ত ব্যক্তিদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘অভিযোগের কথা শুনেছি। বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সোনালী ব্যাংক নেত্রকোনা শাখার সহকারী মহাব্যবস্থাপক ফয়সাল আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমি আগে শুনিনি। এমন হলে অবশ্যই ওই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’