কক্সবাজার সমুদ্র উপকূলের খুরুশকুল মাঝিরঘাট এলাকায় গতকাল শনিবার বেলা একটার দিকে র্যাবের সদস্যরা অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবা বড়িসহ একটি মাছ ধরার ট্রলার জব্দ করেছেন। এ সময় পাঁচজনকে আটক করা হয়েছে।
র্যাবের দাবি, আটক ব্যক্তিরা সমুদ্রপথে ইয়াবা চোরাচালানের সঙ্গে জড়িত। মাছ ধরার ট্রলারের জালের ভেতরে লুকিয়ে জব্দ ইয়াবা টেকনাফ থেকে খুরুশকুল আনা হচ্ছিল।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সহকারী পুলিশ সুপার সাজেদুর রহমান বলেন, সমুদ্রপথে টেকনাফ ট্রলারে লুকিয়ে ইয়াবা চালান আসার গোপন খবরের ভিত্তিতে খুরুশকুল উপকূলে র্যাবের সদস্যরা অভিযান চালান এবং ৩০ হাজার ইয়াবা বড়িসহ ট্রলারটি জব্দ করেন। আটক পাঁচ চোরাচালানিরা হলেন সদর কক্সবাজার উপজেলার রাবারড্যাম এলাকার আবুল হাশেম, শহরের ফদনারডেইল এলাকার জামাল হোসেন, লোকমান হাকিম, নাজির আহমদ ও আবদুর রহিম।
র্যাবের সহকারী পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, চোরাচালানিরা স্বীকার করেন, মাছ ধরার ট্রলারে লুকিয়ে টেকনাফ থেকে ইয়াবা চালান নিয়ে আসা হয়।