কক্সবাজার উপকূল থেকে ট্রলারসহ আটক ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের নাজিরারটেক সাগর উপকূল থেকে গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে কোস্টগার্ড বাহিনীর সদস্যরা একটি ট্রলারসহ ১৫ জলদস্যুকে আটক করেছে।
জলদস্যুরা হলো: কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলের মো. জামাল উদ্দিন, এজাহার মিয়া, জাহাঙ্গীর, অলিউল আলম, রবিউল হাসান, নুরুল আজিম, ছালেহ আহমদ, সবুজ মিয়া, সোবাহান আলম, নুরুল সাবের, নুরুল আলম, জহির আলম, আবুল কালাম, সলিমুল্লাহ ও আশিক।
কোস্টগার্ড সূত্র জানায়, এ সময় তারা সাগর উপকূল থেকে আহত আট জেলেকে উদ্ধার করে। তাঁরা হলেন: জেলার চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের শফিকুল আলম (৪৫), নুরুল কাদের (৪৫), আবদুল মান্নান (২৫), হাসান (১৮), মো. সাত্তার (১৯), মো. বেলাল (২৪), মো. ওসমান (১৯) ও মো. শহিদুল ইসলাম লিটু (২৪)। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর সত্যতা নিশ্চিত করে কক্সবাজার কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাইদুর রহমান জানান, আটক জলদস্যুরা সাগরে একটি মাছ ধরার ট্রলারে লুটপাট চালায় এবং এ সময় দস্যুদের প্রহারে ট্রলারের আট জেলে আহত হন। এরপর ১৫ জলদস্যুসহ তাদের ব্যবহৃত একটি ট্রলার জব্দ করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন জলদস্যুদের হামলায় আহত জেলে শফিকুল আলম জানান, গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে নাজিরারটেক সাগর মোহনা থেকে আট কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে তিনটি ট্রলারে জলদস্যুরা অতর্কিত হামলা চালায়। এ সময় দস্যুরা জেলেদের নগদ টাকা, জাল ও মাছ লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে ট্রলারের মালিক কোস্টগার্ডের সহায়তায় আহত জেলেদের উদ্ধার করে। পরে কোস্টগার্ড অভিযান চালিয়ে ১৫ জলদস্যুকে আটক করে।