কক্সবাজার ও চট্টগ্রামে তিনজনকে হত্যা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা এলাকার হাড়িয়াপাড়ায় গত মঙ্গলবার রাতে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। এদিকে কক্সবাজারের রামু ও মহেশখালীতে দুজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
আনোয়ারায় নিহত ব্যক্তির নাম মোহাম্মদ হাশেম (২৪)। হাশেমকে হত্যার ঘটনায় তাঁর স্ত্রী রেহানা আকতার (২২) ও ছোট ভাই কাশেমকে (২১) আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত ১১টার দিকে নিজ বসতঘরের পেছনে গলা কেটে হত্যা করা হয় হাশেমকে। খবর পেয়ে রাতেই পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রীকে মঙ্গলবার রাতে ও গতকাল বুধবার ছোট ভাই আবুল কাশেমকে আটক করে পুলিশ।
আনোয়ারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, হাশেমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রমতে, দেবর কাশেমের সঙ্গে রেহানার সম্পর্কের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন নিহত ব্যক্তির ছোট ভাই।
এদিকে কক্সবাজারের মহেশখালীতে নিহত ব্যক্তির নাম নজির আহমদ (৬০)। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মহেশখালীর মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাওন দাশ বলেন, নজির আহমদের মাথা, মুখ, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের ১১টি আঘাতের চিহ্ন আছে।
মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, নজির মাঝি ১২ বছর ধরে তাঁর একটি ট্রলার চালাতেন। ওই ট্রলারে করে তিনি (নজির) চট্টগ্রাম থেকে মাতারবাড়ী ইউনিয়নের বিভিন্ন ব্যবসায়ীর মালামাল আনতেন। গত মঙ্গলবার রাতে ইউনিয়নের মগডেইল, বাংলাবাজার ও পুরান বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে পণ্যের দাম বাবদ প্রায় চার লাখ টাকা নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন নজির। এ সময় দুর্বৃত্তরা তাঁকে তুলে নিয়ে যায়। পরে ইউনিয়নের মিয়াজিরপাড়ায় নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করে টাকাগুলো নিয়ে যায়।
মাতারবাড়ী ইউপি সদস্য জাহেদুল ইসলাম বলেন, রাত ১২টার দিকে নজিরের নিখোঁজের খবর পেয়ে তাঁর সন্ধানে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। কিন্তু খোঁজ মেলেনি। গতকাল সকালে মিয়াজিরপাড়া এতিমখানার এক ছাত্র কবরস্থানের ভেতরে নজিরের লাশ দেখতে পায়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বণিক বলেন, নজিরের সঙ্গে তাঁর এক প্রতিবেশীর বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে নজিরকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই ব্যক্তি ও তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে।
এদিকে কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের সিকদারপাড়ায় গতকাল সকালে আবদুল শুক্কুর (৩২) নামের এক দিনমজুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, সিকদারপাড়ার আবদুল শুক্কুর কয়েক দিন ধরে একই এলাকার এক ব্যক্তির মাঠের ধান কাটার কাজ করছিলেন। মজুরি বাবদ বকেয়া ১০০ টাকার জন্য গতকাল সকালে শুক্কুর ওই ব্যক্তির বাড়িতে যান। এ সময় দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ওই ব্যক্তি লাঠি দিয়ে শুক্কুরকে বেদম মারধর করেন।
শুক্কুরের মা ছলিমা খাতুন বলেন, তাঁর সামনে ওই ব্যক্তি লাঠি নিয়ে তাঁর ছেলের মাথায় আঘাত করেন। এ সময় শুক্কুর মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তাঁকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, শুক্কুরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে ধরার চেষ্টা চলছে।