কক্সবাজার ও নোয়াখালীতে ৮৮ হাজার ইয়াবা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার ও নোয়াখালী থেকে গতকাল শনিবার ৮৮ হাজার ২০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:

কক্সবাজার: কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, গতকাল বিকেলে তাছলিমা আকতার নামের এক তরুণী একটি ব্যাগ নিয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে আসেন। ওই তরুণীকে এদিক-সেদিক ঘোরাফেরা করতে দেখে হাসপাতাল কর্তৃপক্ষের সন্দেহ হয়। এরপর কর্তৃপক্ষ থানায় খবর দেয়। থানার উপপরিদর্শক (এসআই) মানস বড়ুয়া হাসপাতালে গিয়ে তাছলিমাকে আটক করেন। এরপর তাঁর ব্যাগে ১৬ হাজার ২০০ ইয়াবা বড়ি পাওয়া যায়।

তাছলিমার বাড়ি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী গ্রামে।

টেকনাফ (কক্সবাজার): কোস্টগার্ডের লেফটেন্যান্ট ডিকসন চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সকাল নয়টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম কামরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার স্লুইসগেট এলাকায় অবস্থান নেয়। এর কিছুক্ষণ পরে ওই এলাকার সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে দেখা যায়। এ সময় ধাওয়া করলে ওই ব্যক্তিরা একটি ব্যাগ ফেলে রেখে জঙ্গলের ভেতরে পালিয়ে যান। পরে ওই ব্যাগে ৫৫ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।

এদিকে পুলিশ সূত্র জানায়, পৌরসভার নাইট্যংপাড়ার একটি মুদি দোকানে ইয়াবা বড়ি বেচাকেনা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ মডেল থানার ওসি মো. আবদুল মজিদের নেতৃত্বে একদল পুলিশ গতকাল সকালে ওই দোকানে অভিযান চালায়। এ সময় কয়েকজন ইয়াবা ব্যবসায়ী পালিয়ে যান। পরে দোকানে তল্লাশি চালিয়ে ৫ হাজার ইয়াবা বড়িসহ দোকানি মো. দেলোয়ার হোসেনকে (২৫) গ্রেপ্তার করা হয়।

ওসি মো. আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।

নোয়াখালী: সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জসিম উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১২টার দিকে তিনি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল নিয়ে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর এলাকায় যান। এ সময় চৌমুহনী থেকে মাইজদীর দিকে আসা একটি পিকআপ ভ্যান পুলিশ দেখে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পরে তারা ধাওয়া করে পিকআপ ভ্যান থেকে তিনজনকে আটক করে। ভ্যানে তল্লাশি চালিয়ে ১২ হাজার ইয়াবা বড়ি ও ইয়াবা
বিক্রির ১ লাখ ৭ হাজার টাকা পাওয়া যায়। পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের গাবুয়া এলাকার আমির হোসেন, শরিফপুরের জামশেদ আলম ওরফে সোহরাব ও আনোয়ার হোসেন ওরফে মাসুদ।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।