কক্সবাজার গুদাম থেকে পাচারকালে চাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সদর খাদ্যগুদাম থেকে পাচারকালে ১২০ বস্তা চালসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ১০টার দিকে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ শহরের আলিরজাহাল এলাকা থেকে চালভর্তি ট্রাকটি জব্দ করে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, শহরের আলিরজাহাল এলাকায় আমির হামজা সওদাগরের একটি গুদামে খালাসের সময় ১২০ বস্তা চালসহ ট্রাকটি জব্দ করা হয়। চালগুলো কক্সবাজার খাদ্যগুদাম থেকে আনা হয়েছে। চালের বস্তায় খাদ্য বিভাগের সিলমোহর রয়েছে।
আমির হামজা সওদাগর জানান, খাদ্যগুদাম থেকে আনা এসব চাল তাঁর কাছে বিক্রি করেছেন শহরের বার্মিজ স্কুল সড়কের আরেকটি চালকলের কর্মচারী সাগর ও রফিক। চাল পাচারের সঙ্গে তিনি জড়িত নন।
কক্সবাজার সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অং থোয়াই জানান, ট্রাকসহ জব্দ চালগুলোর মালিক আনসার বাহিনী। গত ৮ নভেম্বর উদ্বৃত্ত চালগুলো বিক্রি করে দেয় আনসার বাহিনী। ডিসেম্বরে সেই চাল তুলে নেয় তারা। এখন সেই চাল পাচার হলে দায়দায়িত্বও তাদের। কক্সবাজার সদর উপজেলা খাদ্য কর্মকর্তা শাহ জামালও জব্দ করা ১২০ বস্তা চাল আনসার বাহিনীর বলে দাবি করেন।
তবে গুদাম কর্মকর্তার অভিযোগ ভিত্তিহীন দাবি করে কক্সবাজার সদর উপজেলা আনসার কমান্ডার গাজী রফিক জানান, ট্রাকসহ জব্দ চাল তাঁদের নয়। আনসারের নাম ভাঙিয়ে কিংবা ভুয়া কাগজপত্র ব্যবহার করে কেউ হয়তো চালগুলো পাচার করছিল।
তবে আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট ইব্রাহিম ভূঁইয়া জানান, ৮ নভেম্বর আনসার বাহিনী কিছু উদ্বৃত্ত চাল বিক্রি করেছিল। ওই চাল ২৩ ডিসেম্বর গুদাম থেকে খালাস হবে কেন? হলে এর দায়দায়িত্ব তাঁদের ওপর বর্তায় না।
সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, ১২০ বস্তা চাল জব্দের পর আনসার বাহিনী থেকে তাঁদের জানানো হয়, চালগুলো আনসারদের উদ্বৃত্ত। গত ৮ নভেম্বর এই চাল তারা বিক্রি করে দিয়েছে। কিন্তু আজ ২৩ ডিসেম্বর কেন সেই চাল বেচাকেনা হলো, তার কারণ আনসার কর্মকর্তারা দিতে পারছেন না।