কক্সবাজারের উখিয়া থেকে অপহরণের ১৫ দিনের মাথায় গতকাল বুধবার রাজধানীর কামরাঙ্গীরচর থেকে অপহৃত তিন বছরের শিশু আবদুল আজিজ ওরফে রানাকে উদ্ধার করেছে র্যাব। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো আবুল কালাম ও তার স্ত্রী রিপা আক্তার।
র্যাব সূত্র জানায়, শিশু আজিজ তার মা-বাবার সঙ্গে কক্সবাজারের উখিয়ায় থাকে। আজিজের বাবা আবদুল আলম প্লাস্টিক ব্যবসায়ী। গত ২৮ জানুয়ারি কালাম তার বন্ধু আবদুল আলমের সঙ্গে দেখা করার জন্য কক্সবাজারের উখিয়ায় যায়। এ সময় আলমের স্ত্রীর কাছ থেকে শিশু আজিজকে ঘুরিয়ে আনার কথা বলে বাইরে নিয়ে যায়। এরপর কালাম শিশু আজিজকে নিয়ে বাসায় ফিরে আসেনি। পরে শিশুর বাবা কালামের সঙ্গে যোগাযোগ করেন। কালাম জানায়, আজিজ তার সঙ্গে ঢাকায় আছে। আজিজকে ফিরে পেতে তাকে পাঁচ লাখ টাকা দিতে হবে। এ অবস্থায় ৩১ জানুয়ারি শিশুটির বাবা উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
র্যাব কর্মকর্তারা জানান, আলম ৮ ফেব্রুয়ারি ঢাকায় এসে ছেলেকে উদ্ধারের জন্য র্যাব-১০-এর কাছে লিখিত আবেদন করেন। গতকাল র্যাব-১০-এর একটি দল কামরাঙ্গীরচর থেকে কালামকে গ্রেপ্তার করে। পরে তার তথ্যের ভিত্তিতে তার কামরাঙ্গীরচরের ভাড়া বাসা থেকে শিশু আজিজকে উদ্ধার করা হয়। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে কালামের স্ত্রী রিপাকে গ্রেপ্তার করে র্যাব।