কক্সবাজার থেকে অপহৃত শিশু বান্দরবানে উদ্ধার
কক্সবাজার থেকে অপহৃত এক শিশুকে বান্দরবান থেকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার ভোরে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী গ্রামে অভিযান চালিয়ে শিশু মো. রাকিবকে (৭) উদ্ধার করেন।
অভিযানে অপহরণকারী চক্রের সদস্য আবুল কাশেম, এহসান ও পুতিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনজনের বাড়ি কক্সবাজার শহরের দক্ষিণ পাহাড়তলীর জিয়ানগর গ্রামে।
র্যাব জানায়, ২ জুলাই সন্ধ্যায় বাড়ির সামনে থেকে দুর্বৃত্তরা রাকিবকে অপহরণ করে। রাকিব কক্সবাজার শহরের দক্ষিণ পাহাড়তলী গ্রামের মো. কামাল মাঝির ছেলে। অপহরণের পর দুর্বৃত্তরা কামালের কাছে আড়াই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ওই দিন রাকিবকে উদ্ধার ও মুক্তিপণ দাবির বিষয়টি র্যাব কর্মকর্তাদের লিখিতভাবে জানান তিনি।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের পরিচালক মেজর আহমেদ হোসেন মহিউদ্দিন জানান, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে শিশু রাকিবকে অপহরণ করা হয়। গতকাল ভোরে বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাগলীরআগা গ্রামে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার এবং তাঁদের আস্তানা থেকে রাকিবকে উদ্ধার করা হয়।