কক্সবাজারের সেন্ট মার্টিন ও মহেশখালীতে গতকাল সোমবার পুলিশ ও কোস্টগার্ড বাহিনীর সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ট্রলারসহ সাত দালালকে আটক করেছে। এ সময় ৪৫ জন মালয়েশিয়াগামী যাত্রী উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গতকাল সকাল ১০টার দিকে সেন্ট মার্টিন দ্বীপের ছেঁড়াদিয়া উপকূলে অভিযান চালিয়ে কোস্টগার্ড বাহিনীর সদস্যরা একটি ট্রলারসহ অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করা ৩৯ জন যাত্রীকে উদ্ধার করেন। এ সময় ছৈয়দ আলম নামে এক দালালকে আটক করা হয়। তার বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলার সোনারপাড়ায়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেন জানান, গতকাল বেলা দুইটার দিকে মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপ থেকে ছয়জন মালয়েশিয়াগামী যাত্রীকে উদ্ধার করে পুলিশ। এ সময় ছয় দালালকেও আটক করা হয়। তারা হলো, কক্সবাজার পৌরসভার নুনিয়াছড়ার রশিদ উল্লাহ, উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের চেপটখালীর আবদুল কাইয়ুম, আবু তাহের, নুরুল আমিন, মিয়ানমারের নাগরিক আবদুল্লাহ ও নূর হোছেন।
উদ্ধার হওয়া ৪৫ যাত্রী নরসিংদী, ময়মনসিংহ ও কক্সবাজার জেলার বাসিন্দা বলে পুলিশ জানায়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানান, বিরোধী জোটের টানা হরতাল-অবরোধে মধ্যে কক্সবাজার সমুদ্র উপকূল দিয়ে মানব পাচার বন্ধ ছিল। সম্প্রতি দালাল চক্র আবার তৎপর হয়ে উঠেছে। মানব পাচার ঠেকাতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে।