কক্সবাজার পৌরসভার মেয়র বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামালকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন মেয়য়কে সাময়িকভাবে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন। সরওয়ার কামাল হত্যাসহ একাধিক ফৌজদারি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।
কক্সবাজার জেলা প্রশাসন সূত্র জানায়, ২৪ নভেম্বর স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. খলিলুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বরখাস্তের এই আদেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে তিন দিনের মধ্যে প্যানেল মেয়র-১-এর কাছে দায়িত্ব হস্তান্তরের জন্য বলা হয়েছে। পৌরসভার প্যানেল মেয়র-১ হচ্ছেন কাউন্সিলর জিসান উদ্দিন। তিনি জেলা যুবদলের সাধারণ সম্পাদক।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল করে জামায়াত-শিবির। সাঈদী মানবতাবিরোধী অপরাধের মামলায় আজীবন কারাদণ্ডপ্রাপ্ত। ওই দিন জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের গোলাগুলি ও সংঘর্ষে তিন ব্যক্তি প্রাণ হারান। আহত হন সাতজন পুলিশসহ অন্তত ৩০ ব্যক্তি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জামায়াত-সমর্থক পৌরসভার মেয়র সরওয়ার কামালসহ ২৭৩ জনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা, অস্ত্রসহ পৃথক তিনটি মামলা করে।
তবে মেয়র সরওয়ার কামাল দাবি করেন, সাঈদীর মুক্তির ওই মিছিলে তিনি ছিলেন না। রাজনৈতিকভাবে হয়রানি করতেই তাঁকে হত্যাসহ একাধিক মামলার আসামি করা হয়েছে।
২০১১ সালের ২৭ জানুয়ারি কক্সবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।
পৌরসভার প্যানেল মেয়র-১ জিসান উদ্দিন বলেন, স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে তাঁকে তিন দিনের মধ্যে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নিতে নির্দেশ দেওয়া হয়েছে।