কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স উড়িয়ে দেওয়ার হুমকি
বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী পালন করায় কক্সবাজারের সর্ববৃহৎ ধর্মীয় ও সেবা প্রতিষ্ঠান বায়তুশ শরফ কমপ্লেক্স ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে একাধিক মৌলবাদী জঙ্গিগোষ্ঠী। এ নিয়ে আতঙ্কে কমপ্লেক্সের আওতাভুক্ত কয়েক হাজার শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এই কমপ্লেক্সের অভ্যন্তরে তিন হাজার শিক্ষার্থী নিয়ে উচ্চমাধ্যমিক বিদ্যালয় বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি, কয়েক শ এতিম নিয়ে বায়তুশ শরফ এতিমখানা, ৫০ শয্যার বায়তুশ শরফ চক্ষু হাসপাতাল, বায়তুশ শরফ জামে মসজিদসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে। একাডেমির শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অংশ রাখাইন, বড়ুয়া ও হিন্দু সম্প্রদায়ের।
একাডেমির প্রধান শিক্ষক মো. সৈয়দ করিম বলেন, ১৫ আগস্ট বায়তুশ শরফ কমপ্লেক্সে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী পালন করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে মৌলবাদী কয়েকটি গোষ্ঠী কমপ্লেক্সটি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম, স্থানীয় দৈনিক পত্রিকাসহ বিভিন্ন প্রচারমাধ্যমে ধর্মীয় উসকানি দিয়ে রামু বৌদ্ধমন্দিরের মতো এই কমপ্লেক্সেও হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। এ ব্যাপারে ১৮ আগস্ট কক্সবাজার মডেল থানায় বায়তুশ শরফ কমপ্লেক্সের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করা হলেও হুমকি বন্ধ হচ্ছে না।
বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘উগ্র ধর্মান্ধ গোষ্ঠী বায়তুশ শরফকে একটি ইসলামি রাজনৈতিক দলের ঘাঁটিতে পরিণত করতে চাইছে। আমরা তা হতে দেব না। বায়তুশ শরফ শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল সব সম্প্রদায়ের জন্য উন্মুক্ত থাকবে।’
জিডিতে কমপ্লেক্স উড়িয়ে দেওয়ার হুমকিদাতা হিসেবে কক্সবাজার নাস্তিক মুরতাদ প্রতিরোধ কমিটি ও ইমান আকিদা রক্ষা কমিটির ২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার পাশাপাশি বায়তুশ শরফ কমপ্লেক্সের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবি করা হয়।
বায়তুশ শরফ জামে মসজিদের খতিব মাওলানা তাহেরুল ইসলাম বলেন, ১৮ আগস্ট অভিযুক্ত হুমকিদাতারা একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ঢুকে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী পালনের কৈফিয়ত চেয়ে কয়েকজন শিক্ষককে প্রাণনাশের হুমকি দেন। এর পর থেকে কমপ্লেক্স উড়িয়ে দেওয়ার হুমকি অব্যাহত রাখে। এতে সবাই উদ্বিগ্ন এবং নিরাপত্তাহীন।
এ প্রসঙ্গে জানতে চাইলে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, বায়তুশ শরফ কমপ্লেক্স পুলিশের নজরদারিতে আছে। হুমকিদাতা হিসেবে জিডিতে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁদের ধরার চেষ্টা চলছে।