কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ মানবাধিকার নেতা আটক

কক্সবাজার বিমানবন্দর থেকে ৪ হাজার ৪২৫টি ইয়াবা বড়িসহ মানবাধিকার কাউন্সিলের এক নেতাকে আটক করা হয়েছে। আজ সোমবার বেলা একটায় তাঁকে আটক করে বিমানবন্দর কর্তৃপক্ষ।
আটক ব্যক্তির নাম মোহাম্মদ হারুন (৩২)। তিনি বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল কক্সবাজার সদর উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দরিয়ারদিঘি গ্রামে।
এ সময় তাঁর ছোট ভাই শাহ আলম (১৯) এবং একই গ্রামের সাদ্দাম হোসেনকে আটক করে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বেসরকারি উড়োজাহাজ নভোএয়ারে করে ওই তিনজন কক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছিলেন।
বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম সাঈদুর জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেলা একটায় বিমানবন্দরের ভেতরে লাগেজ তল্লাশি করে ইয়াবা বড়ি পাওয়া যায়। ব্যাগে ইয়াবা থাকলে স্ক্যানিং মেশিনের সংকেত পাওয়া যায়। আটক তিনজনকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।