কক্সবাজার বেড়াতে গিয়ে মাদক পাচার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
bogura
bogura

কক্সবাজার সমুদ্রসৈকতে সপরিবারে বেড়ানোর আড়ালে ইয়াবা পাচারের অভিযোগে এক দম্পতি ও তাঁদের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে দশটার দিকে জেলার কাহালু উপজেলার মহেশপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাঁদের কাছ থেকে ২০ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়। আজ মঙ্গলবার দুপুরে বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান তাঁর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, সোমবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক নূর-এ আলম সিদ্দিকীর নেতৃত্বে একটি দল কাহালু উপজেলার মহেশপাড়া গ্রামের পশ্চিমপাড়া থেকে শহিদুল ইসলাম (২৭), তাঁর স্ত্রী মুক্তা বেগম (২২) এবং তাঁদের সহযোগী কামরুল ইসলামকে (১৯) গ্রেপ্তার করে। তাঁদের বাড়ি বগুড়া সদর উপজেলার শশিবদনী গ্রামে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তিন মাদক ব্যবসায়ী স্বীকার করেছেন, তাঁরা মাঝেমধ্যেই বেড়ানোর কথা বলে সপরিবারে কক্সবাজার সমুদ্রসৈকতে যেতেন। ফেরার পথে বিপুল পরিমাণ ইয়াবা বড়ি এনে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে বিক্রি করতেন। সোমবার কক্সবাজার থেকে ওই ইয়াবা এনে বগুড়ায় বিক্রি করতে গেলে গোয়েন্দা পুলিশের সদস্যরা তাঁদের পিছু নেন। পুলিশের গতিবিধি টের পেয়ে তাঁরা কাহালু উপজেলায় আত্মগোপন করেন। রাতে সেখানে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, ওই ২০ হাজার ইয়াবা ছাড়াও গোয়েন্দা পুলিশ ডিসেম্বর মাসে অভিযান চালিয়ে ৩০ হাজার ৪৩৫টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে। এসব ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা হয়েছে।