কক্সবাজার সরকারি কলেজের জমিতে প্লটে যাওয়ার রাস্তা!
কক্সবাজার সরকারি কলেজের অর্ধকোটি টাকার পাঁচ শতক জমি দখল করে বাণিজ্যিক প্লটে যাতায়াতের রাস্তা তৈরির চক্রান্ত করছে স্থানীয় প্রভাবশালী মহল। এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছে না।
পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগপত্রে কলেজ কর্তৃপক্ষ উল্লেখ করেন, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পাশে (ঝিলংজা মৌজার বিএস খতিয়ানভুক্ত) কক্সবাজার সরকারি কলেজের মালিকানাধীন মূল্যবান জমি গত ২৯ সেপ্টেম্বর রাতে দখল করে নেন জনৈকএফাজ উল্লাহ। এরপর শ্রমিক দিয়ে ওই জমিতে মাটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণ শুরু করেন। এখন কলেজের স্বার্থে সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ জরুরি।
এর সত্যতা নিশ্চিত করে কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, অভিযোগপত্র দেওয়ার পরদিন পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবৈধ স্থাপনা নির্মাণকাজ বন্ধ করলেও ঈদের ছুটিতে শ্রমিকেরা পুনরায় ওই জমিতে মাটি ভরাট শুরু করেন। এ ব্যাপারে পুলিশকে অবগত করা হলে ৪ অক্টোবর পুলিশ ঘটনাস্থল থেকে আলাউদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করেন।
কলেজ কর্তৃপক্ষ জানায়, অর্ধকোটি টাকা দামের প্রায় পাঁচ শতক সরকারি জমি দখল করে আবাসিক প্লটে যাতায়াতের রাস্তা তৈরির চক্রান্ত চলছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, বর্তমানে ওই জমিতে নির্মাণকাজ বন্ধ রয়েছে। কলেজ কর্তৃপক্ষ দাবি করছে, জমিটি তাদের।
অন্যদিকে জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জহির উল্লাহদাবি করেছেন, ওই জমিটি তাঁর। ১৬ অক্টোবর বিশেষ বৈঠকে দুই পক্ষের কাগজপত্র যাছাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।