কক্সবাজার সৈকতে দালালদের সংঘর্ষ, গুলিতে নিহত ১
কক্সবাজার সমুদ্র উপকূলের দরিয়ানগর সৈকতে গতকাল বৃহস্পতিবার ভোরে মালয়েশিয়ায় মানব পাচারকারী দালালদের দুই পক্ষের মধ্যে গুলিবর্ষণের ঘটনায় মো. শাহজাহান (৩৮) নিহত হয়েছেন। তিনি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বড়ছড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক ফজলুল কাদের পাটোয়ারী বলেন, গতকাল বিকেল চারটায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। গুলিতে শাহজাহানের মৃত্যু হয়েছে।
স্থানীয় লোকজন জানান, বুধবার সন্ধ্যার দিকে দরিয়ানগর সমুদ্রসৈকতসংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় একটি ইঞ্জিন নৌকা নোঙর করে। নৌকাটির মালিক বাহারছড়ার শামসুল আলম। ভোর চারটার দিকে দালাল শাহজাহানসহ চার ব্যক্তি ১৭ জন মালয়েশিয়াগামী যাত্রীকে ওই ট্রলারে তুলে দেন। এরপর ট্রলারটি গভীর সাগরের দিকে রওনা দিলে অপর একটি দল (মানব পাচারকারী দালাল) ওই ১৭ যাত্রীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় ঘটনাস্থলে শাহজাহান নিহত হন। এরপর ১৭ যাত্রীদের ছিনিয়ে নিয়ে দালালদের দলটি গভীর সমুদ্রে চলে যায়।
নিহতের বাবা সিরাজুল ইসলাম বলেন, শাহজাহান অপর তিন যুবককে নিয়ে বুধবার গভীর রাতে সমুদ্রে মাছ ধরতে যায়। গতকাল সকাল ১০টার দিকে কয়েকজন লোক ছেলের লাশ বাড়িতে পৌঁছে দেয়। ডাকাতের গুলিতে ছেলের মৃত্যু হয়েছে বলে তিনি জেনেছেন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, ট্রলার মালিকসহ দালালদের ধরার চেষ্টা চলছে।