কক্সবাজারে অপহৃত ছাত্র চকরিয়ায় উদ্ধার
কক্সবাজার শহর থেকে অপহৃত কলেজছাত্রকে গতকাল রোববার ভোরে চকরিয়ার একটি পাহাড় থেকে উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাত নয়টার দিকে শহরের নিউমার্কেট এলাকা থেকে তাঁকে অপহরণ করা হয়েছিল। অপহরণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঁদপুরের হাজীগঞ্জ মডেল কলেজের বিবিএ প্রথম বর্ষের ছাত্র নূর মোহাম্মদ গত শুক্রবার কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানান, অপহরণের ঘটনায় বিকাশ এজেন্টসহ পুলিশ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন চকরিয়ার খুটাখালী বাজারের বিকাশ এজেন্ট লুৎফুর রহমান, খুটাখালী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের ইমরান হোসেন, কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডির সাদ্দাম হোসেন ও পিয়ারুল ইসলাম। তাঁদের বিরুদ্ধে চকরিয়া থানায় অপহরণের মামলা করা হয়েছে।
উদ্ধার হওয়া নূর মোহাম্মদ জানান, শুক্রবার সকালে হাজীগঞ্জ থেকে কক্সবাজারে বেড়াতে আসেন তিনি। ওই দিন রাত নয়টার দিকে শহরের নিউমার্কেট এলাকায় কেনাকাটার জন্য গেলে কয়েকজন যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। তাঁদের সঙ্গে চা পান করার পর তিনি অচেতন হয়ে যান।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, অপহরণকারীরা নূর মোহাম্মদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেন। বিষয়টি পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়। পরে শনিবার রাতে বিকাশের এজেন্ট লুৎফর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাঁর তথ্যমতে ইমরান হোসেন, সাদ্দাম হোসেন ও পিয়ারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে চকরিয়ার খুটাখালী ইউনিয়নের বাককুম পাহাড়ী এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে নূর মোহাম্মদকে উদ্ধার করা হয়।