কক্সবাজারে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের সদর উপজেলা থেকে অস্ত্রসহ মিনহাজুল আবেদিন ওরফে রকি (৩২) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। উপজেলার খুরুশকূল ইউনিয়নের কুলিয়াপাড়া গ্রাম থেকে গত বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। রকি শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার শফিকুর রহমানের ছেলে। ঈদের আগের দিন তিনি কক্সবাজার কারাগার থেকে জামিনে মুক্তি পান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-৭ কক্সবাজারের আঞ্চলিক কমান্ডার মেজর মো. রুহুল আমিন প্রথম আলোকে বলেন, অস্ত্রশস্ত্র নিয়ে গোপন বৈঠক করার সময় বৃহস্পতিবার রাত ১০টার দিকে খুরুশকূলের কুলিয়াপাড়ার একটি আস্তানা থেকে সন্ত্রাসী রকিকে গ্রেপ্তার করেন তাঁরা। এ সময় তাঁর কাছ থেকে একটি ওয়ানশুটার গান ও তিনটি গুলি উদ্ধার করা হয়। তাঁকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করে অস্ত্র আইনে মামলা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, কারাগার থেকে বেরিয়ে রকি আবার সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তাঁর বিরুদ্ধে হত্যা, অপহরণ, ডাকাতিসহ ১৭টি মামলা রয়েছে। গতকাল শুক্রবার রকিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পরে সাত দিনের রিমান্ড চেয়ে কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আবেদন করেছে পুলিশ। আগামীকাল রোববার রিমান্ড আবেদনের শুনানি হতে পারে।