কক্সবাজারে আ.লীগের দুই নেতাকে গুলি করে হত্যা
কক্সবাজারের টেকনাফ ও মহেশখালীতে আওয়ামী লীগের দুই নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত ব্যক্তিরা হলেন টেকনাফ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য সিরাজুল ইসলাম ওরফে সিরাজ মেম্বার (৬৮) এবং মহেশখালীর কুতুবজোম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য আবদুল গফুর ওরফে নাগু (৪৫)।
টেকনাফে নিহত আওয়ামী লীগের নেতার ছেলে আবদুল ফারুক বলেন, গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে মুখোশ পরিহিত কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী তাঁদের ইউনিয়নের নতুন পল্লানপাড়ার তিন রাস্তার মাথা এলাকার বাড়িতে হানা দেয়। সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে প্রথমে তাঁর বাবাকে (সিরাজুল) গুলি করে। এ সময় মা ইয়াসমিন আক্তার এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাঁর পায়ে গুলি করে। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায়। ওই সময় বাড়িতে আর কেউ ছিলেন না। তিনি বলেন, ‘কারা আমার বাবাকে গুলি করে হত্যা করেছে, সেটা পুলিশকে জানানো হয়েছে।’
পুলিশ জানায়, খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ ও উপপরিদর্শক (এসআই) কাঞ্চন কান্তি দাশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই সময় সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত ইয়াসমিন আক্তারকে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, হাসপাতালে আনার আগে সিরাজুল ইসলামের মৃত্যু হয়। তাঁর মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। তিনি জানান, ইয়াসমিন আক্তার ডান পায়ের হাঁটুতে গুলিবিদ্ধ হয়েছেন।
ওসি মো. আবদুল মজিদ বলেন, আওয়ামী লীগের নেতার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
এদিকে স্থানীয় সূত্র জানায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়ার পূর্বপাড়া জামে মসজিদে তারাবির নামাজ শেষে আওয়ামী লীগের নেতা আবদুল গফুর বাড়ি ফিরছিলেন। এ সময় সন্ত্রাসীরা পেছন থেকে তাঁকে গুলি করে। এতে তিনি মাটিতে পড়ে যান। এরপর সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে গফুরকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এ সময় সন্ত্রাসীরা গফুরের সঙ্গী ফজল করিমকেও (৩৫) কুপিয়ে জখম করে। আত্মীয়স্বজনেরা গফুরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গফুরের জামাতা জাহাঙ্গীর আলমের ভাষ্যমতে, গফুরের ভাতিজা সরওয়ার আলম ওরফে বতৈল্যা ও সরওয়ারের বন্ধু মোকারম হোসেন ওরফে জাম্বু দীর্ঘদিন ধরে সাগরে ডাকাতি করে আসছেন। গফুর এতে বাধা দেন। এ কারণে ক্ষিপ্ত হয়ে মোকারম ও সরওয়ার পরিকল্পিতভাবে গফুরকে হত্যা করেন।
কুতুবজোম ইউপির চেয়ারম্যান মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, সরওয়ার আলম তাঁর লোকজন নিয়ে প্রথমে গফুরকে পেছন থেকে গুলি করেন। পরে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে তিনি মারা যান।
এ ঘটনায় গতকাল সোমবার বেলা দুইটা পর্যন্ত মামলা হয়নি।
মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বণিক জানান, এ ঘটনায় সরওয়ারের বাবা বাদশা মিয়াকে (৫২) আটক করা হয়েছে।
মহেশখালীতে যুবককে গুলি করে হত্যা: মহেশখালীতে প্রতিপক্ষের গুলিতে মোহাম্মদ শহিদুল্লাহ (২২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সকালে কুতুবজোম ইউনিয়নের কামিতারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, প্রায় এক বছর ধরে কামিতারপাড়ার বাসিন্দা শহিদুল্লাহর সঙ্গে বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনার মোহাম্মদ হাবিবের জমি নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল সকালে শহিদুল্লাহ জমিতে চাষ করতে গেলে হাবিব বাধা দেন। একপর্যায়ে হাবিব তাঁর লোকজন নিয়ে শহিদুল্লাহকে ধাওয়া করেন। পরে তাঁদের ছোড়া গুলিতে মোহাম্মদ শহিদুল্লাহ ও তাঁর সঙ্গে থাকা জালাল গুরুতর আহত হন। কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শহিদুল্লাহকে মৃত ঘোষণা করেন। জালালকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল বিকেল চারটা পর্যন্ত থানায় মামলা হয়নি।
মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বণিক বলেন, শহিদুল্লাহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান চলছে।