কক্সবাজারে ইউপি সদস্যসহ নিহত ২
কক্সবাজার সদর উপজেলা ও মহেশখালীতে পৃথক ঘটনায় গুলিতে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ দুজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে সদর উপজেলায় ও বিকেলে মহেশখালীতে হত্যাকাণ্ডের ঘটনা দুটি ঘটে।
এর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহেশখালীতে প্রতিপক্ষের গুলিতে ইউপি সদস্য মোহাম্মদ আলমগীর (৩৮) নিহত হয়েছেন। গতকাল বিকেল পাঁচটার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলমগীর বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের সদস্য।
হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে। নতুন করে সংঘাত এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকাবাসী ও নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বিকেল পাঁচটার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মুন্সিরডেইল এলাকা থেকে আলমগীর দেবাঙ্গাপাড়া বাজারে গেলে প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালায়। পরে তাঁকে অপহরণ করে পূর্ব দেবাঙ্গাপাড়ায় নিয়ে গুলি করে হত্যা করা হয়। আলমগীর নিহত হওয়ার খবর পেয়ে স্বজনেরা রাস্তা থেকে লাশ উদ্ধার করে দেবাঙ্গাপাড়া বাজারে নিয়ে আসেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে।
এদিকে কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের আনোয়ারা বাজারে গতকাল বেলা ১১টায় দুর্বৃত্তের গুলিতে মোস্তাক আহমদ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই ইউনিয়নের ঘোনারপাড়ার নুর আহমদের ছেলে।
নিহত মোস্তাকের চাচা ইউসুফ আলী জানান, বেলা ১১টার দিকে মোস্তাক আনোয়ারা বাজারে গেলে চার-পাঁচজন তাঁকে গুলি করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে। মোস্তাকের মালিকানাধীন দোকান নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ময়নাতদন্ত শেষে লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ব্যক্তির শরীরে গুলি ও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।