কক্সবাজারে ইয়াবা উদ্ধার, আটক ২
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর-সংলগ্ন সাইরং খাল এলাকা থেকে গত শুক্রবার দিবাগত রাতে ১ লাখ ৩৫ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার নাফিউর রহমান প্রথম আলোকে বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে আনা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ডের একটি বিশেষ দল নাফ নদীর কেরুনতলি এলাকায় অবস্থান নেয়। রাত প্রায় তিনটার দিকে মিয়ানমারের জলসীমা পার হয়ে একটি নৌকা বাংলাদেশে ঢুকলে কোস্টগার্ডের সদস্যরা সেটিকে ধাওয়া করেন। এ সময় পাচারকারীরা সাইরং খালের প্যারাবনে নৌকাটি উঠিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে ওই নৌকা থেকে ১ লাখ ৩৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কের উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী দাখিল মাদ্রাসা-সংলগ্ন এলাকায় গতকাল সকালে অটোরিকশায় তল্লাশি করে প্রায় পাঁচ হাজার ইয়াবা বড়িসহ দুজনকে আটক করেছে বিজিবি।
৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, আটক মো. সেলিম মোল্লা (৩০) ও মো. ইউসুফ আলীর (২৫) শরীরে তল্লাশি চালিয়ে ৪ হাজার ৮৩০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তিনি জানান, আটক দুই ব্যক্তিকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।